২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে সাতজনের যাবজ্জীবন

বাগেরহাটে আলমগীর হোসেন নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2011, 12:32 PM

Updated : 24 Aug 2022, 02:16 PM

বাগেরহাট, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে আলমগীর হোসেন নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। রোববার বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো: রেজাউল করিম এই আদেশ দেন। সাজাপ্রাপ্তরা হলেন, কচুয়া উপজেলার সহবতকাঠি গ্রামের হাচেন খানের ছেলে দেলোয়ার হোসেন খান, আব্দুল বারেক হাওলাদারের দুই ছেলে আক্তার হাওলাদার ও জাকির হাওলাদার, হাশেম শেখের দুই ছেলে শেখ সামছুর রহমান ও আব্দুস সালাম শেখ, আরশেদ শেখের ছেলে মাসুদ শেখ এবং পার্শ্ববর্তী টেংরাখালী গ্রামের মালেক কাজীর ছেলে আজিজুল কাজী। আজিজুল কাজী পলাতক। মামলার বিবরণে জানা যায়, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে ২০০২ সালের ১২ নভেম্বর অভিযুক্তরা কচুয়া উপজেলার সহবতকাঠি গ্রামের সবুর শেখের ছেলে আলমগীর হোসেনকে পিটিয়ে গুরুতর জখম করে। পরদিন তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় নিহতের মা নিলুফা বেগম বাদি হয়ে নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও দুই-তিন জনের বিরুদ্ধে কচুয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম তদন্ত শেষে ২০০৩ সালের ৩১ জুলাই দণ্ডাদেশপ্রাপ্ত সাতজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় সাক্ষ্য দেন ১৬ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৮১২ ঘ.