পটুয়াখালী, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছিনতাই করে পালানোর সময় পটুয়াখালীতে অস্ত্রসহ দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।
রোববার সকাল ৭টার দিকে সদর উপজেলার বড়বিঘাই দক্ষিণ কেওয়াবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আটককৃত জাকির ও সালামের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
পটুয়াখালী সদর থানার ওসি নরেশ কর্মকার জানান, দক্ষিণ কেওয়াবুনিয়া স্বেচ্ছাসেবক মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. আলী আসগরকে কুপিয়ে তার নগদ টাকা ছিনিয়ে নেয় দুই ছিনতাইকারী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরে বরগুনা জেলার আমতলী উপজেলার হোলা হাওলাদার বাজারে তারা আবার ছিনতাইয়ের চেষ্টা করলে স্থানীয় জনতা দুজনকে আটক করে। তাদের কাছ থেকে একটি পিস্তল ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।"
আলী আসগরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৪৫৫ ঘ.
bdnews24