কুড়িগ্রাম, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত বাংলাদেশি কিশোরী ফেলানীর (১৫) লাশ ফেরত নিয়েছে বাংলাদেশ রাইফেলস।
শনিবার বেলা ১১টা থেকে ৪৫ মিনিট বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পতাকা বৈঠকের মাধ্যমে এ লাশ হস্তান্তর করা হয়।
পতাকা বৈঠকে বিডিআর এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। বিএসএফ গভীর দুঃখ প্রকাশ করে এ ধরনের ঘটনা আর না ঘটানোর প্রতিশ্র"তি দেয়।
ফুলবাড়ী থানার ওসি মোনায়েম সরকার বলেন, এ ব্যাপারে ফুলবাড়ী থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
বিডিআরের কাশিপুর কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার আব্দুল জব্বার বলেন, ভারতের খেতাবের কুটি এলাকার আবু বকর নামের একজনের বাড়ির উঠানে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিডিআর কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার আব্দুল জব্বার। সঙ্গে ছিলেন ফুলবাড়ী থানার এসআই নূরুজ্জামান, নাগেশ্বরী থানার এসআই ছানাউল্লাহ, রামখানা ইউপি সদস্য আব্দুল হাকিম, নুরুজ্জামান, আব্দুর রশীদ ব্যাপারী প্রমুখ।
ভারতের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ ব্যাটালিয়নের চৌধুরীহাট কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর রাম ব্রীজ রায়। তার সঙ্গে ছিলেন দিনহাটা থানার ওসি দেবাশীষ ঘোষ, পঞ্চায়েত সদস্য বাবুল বর্মণ, জগাই সাহা, নির্মল দাস, জোবেদা বিবি প্রমুখ।
ফেলানীর মামা আবু হানিফ বলেন, ফেলানীর বাবা নূর ইসলাম নূরু পরিবার পরিজন নিয়ে দীর্ঘদিন থেকে ভারতের আসাম রাজ্যে একটি বস্তিতে থাকছেন।
তার চার মেয়ে ও দুই ছেলের মধ্যে ফেলানী ছিল সবার বড়।
ফেলানীর মা জাহানারা খাতুন মেয়ে মালেকা (১৩), কাজলী (০৮), আরফান (০৬), ছেলে পেটলু (১০) ও আক্কাসকে (০৩) নিয়ে এখনো ভারতে রয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় ছিল ফেলানীর বিয়ের লগ্ন। তাই ভারত থেকে দালালের মাধ্যমে বাংলাদেশে আসছিল বাবার সঙ্গে। কাঁটা তারের বেড়া পার হওয়ার সময় বিএসএফ তাকে গুলি করে হত্যা করে।
ফেলানীর বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বানারভিটা গ্রামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৫ ঘ.
bdnews24