২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অধিকার প্রতিবেদন-২০১০ বিচার-বহির্ভূত হত্যা ১২৭, হেফাজতে মৃত্যু ১১০

মানবাধিকার সংস্থা অধিকার বলছে, গতবছর প্রতি তিনদিনে একজন বিচার বহির্ভুত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আইন প্রয়োগকারী সংস্থার হেফাজতে মারা গেছেন ১১০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2011, 05:07 PM

Updated : 24 Aug 2022, 02:16 PM

ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানবাধিকার সংস্থা অধিকার বলছে, গতবছর প্রতি তিনদিনে একজন বিচার বহির্ভুত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আইন প্রয়োগকারী সংস্থার হেফাজতে মারা গেছেন ১১০ জন। অধিকারের সংক্ষিপ্ত বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। অধিকার'র তথ্য অনুযায়ী ২০১০ সালে প্রতি তিনদিনে গড়ে একজন বিচার-বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়। অধিকার দাবি করেছে তাদের সংগৃহীত তথ্য অনুযায়ী ২১০ সালে বিচার-বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার একশ ২৭ জনের মধ্যে তথাকথিত 'ক্রসফায়ারে' একশ একজন, নির্যাতনে ২২ জন, গুলি করে দুজন এবং দুজনকে পিটিয়ে হত্যা করা হয়। অধিকার বলেছে, "এদের মধ্যে র‌্যাবের হাতে ৬৮ জন, পুলিশের হাতে ৪৩ জন, র‌্যাব-পুলিশের যৌথ অভিযানে নয়জন, র‌্যাব-কোস্টগার্ডের যৌথ অভিযানে তিনজন, র‌্যাব-পুলিশ-কোস্টগার্ডের যৌথ অভিযানে তিন এবং বিডিআর'র হাতে একজন নিহত হওয়ার অভিযোগ রয়েছে।" শনিবার জাতীয় প্রেসক্লাবে এ প্রতিবেদন প্রকাশ করে মানবাধিকার সংগঠনটি। প্রতিবেদনটি উপস্থাপন করেন অধিকার'র মহাসচিব আদিলুর রহমান খান। হেফাজতে মৃত্যু প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে, 'ক্রসফায়ার', নির্যাতন, গুলি এবং অসুস্থতাজনিত কারণে ২০১০ সালে আইন প্রয়োগকারী সংস্থার হেফাজতে থাকা একশ ১০ জন মারা যান। প্রতিবেদনে বলা হয়, "২০১০ সালে একশ ১০ জন আইন প্রয়োগকারী সংস্থার হেফাজতে মারা গেছেন। এদের মধ্যে ছয়জন হেফাজতে থাকাকালীন 'ক্রসফায়ারে', ২২ জন নির্যাতনে এবং একজন গুলিতে মারা গেছেন বলে অভিযোগ রয়েছে।" "এছাড়া এই সময়ে ৬০ জন জেল হেফাজতে 'অসুস্থতাজনিত' কারণে মারা গেছেন। এ সময়ে দুজন কোর্ট হেফাজতে, দুজন থানায় এবং একজন র‌্যাব হেফাজতে মারা গেছেন বলে অভিযোগ রয়েছে।" "এছাড়া বিডিআর বিদ্রোহের অভিযোগে আটক ১৫ জন বিডিআর সদস্য জেল ও অন্য আইন প্রয়োগকারী সংস্থার হেফাজতে মারা গেছেন," বলা হয় অধিকার প্রতিবেদনে। আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে ১৬ জন গুম হয়েছেন বলে দাবি করেছে অধিকার