২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে সোয়েটার কারখানা বন্ধ

শ্রমিক বিক্ষোভের কারণে আশুলিয়ার জামগড়া এলাকার একটি সোয়েটার কারখানা অনির্দিষ্টকালের জন্যে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2011, 04:33 PM

Updated : 24 Aug 2022, 02:16 PM

সাভার, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিক বিক্ষোভের কারণে আশুলিয়ার জামগড়া এলাকার একটি সোয়েটার কারখানা অনির্দিষ্টকালের জন্যে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। শনিবার সন্ধ্যায় মদিনা অ্যাপারেলস ফ্যাশন ক্যাপস লিমিটেড নামের কারখানাটি বন্ধ করে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিল্প পুলিশের আশুলিয়া জোনের পরিদর্শক (তদন্ত ও আইনশৃঙ্খলা) আব্দুল বাতেন খান বলেন, গত ৪ জানুয়ারি দুই কর্মকর্তাকে কারখানার শ্রমিকরা মারধর করে। পরদিন আশুলিয়া থানায় ২২ শ্রমিকের বিরুদ্ধে একটি মামলা করে কর্তৃপক্ষ। এর জেরে শনিবার সকাল ৮টার দিকে শ্রমিকরা কারখানায় প্রবেশের সময় মামলার ওই ২২ জনকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে কারখানা থেকে বের করে দেওয়া হয়। এর প্রতিবাদে সকাল ৯টা থেকে প্রায় সাতশ' শ্রমিক দিনভর কর্মবিরতি ও বিক্ষোভ করে মামলা প্রত্যাহারের দাবি জানায়। সন্ধ্যায় কারখানা থেকে বের হওয়ার সময় রোববারের মধ্যে দাবি না মানলে কঠোর আন্দোলনের হুমকি দেয় তারা। পরে কর্তৃপক্ষ বড় ধরনের নাশকতার আশঙ্কায় সন্ধ্যা ৬টার দিকে কারখানা অনির্দিষ্টকালের জন্যে বন্ধ ঘোষণা করে নোটিশ দেয়। এ ব্যাপারে কথা বলার জন্য কারখানা কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি। আশুলিয়া থানার ওসি (তদন্ত) আব্দুর রশিদ কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধের বিষয়টি নিশ্চিত করে বলেন, কারখানায় হামলার আশঙ্কায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৯ ঘ.