বাগেরহাট, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের আটদিন পর বাগেরহাটের মোল্লাহাট উপজেলার এক কিশোরীকে পুলিশ উদ্ধার করেছে।
আটক রেখে দুর্বৃত্তরা তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ করেছে মেয়েটি।
গত ৩১ ডিসেম্বর সকালে মোল্লাহাট উপজেলার গাংনী গ্রাম থেকে তাকে অপহরণ করা হয়। শনিবার যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া থেকে মোল্লাহাট থানা পুলিশ ওই কিশোরীকে (১১) উদ্ধার করে।
এ ঘটনায় পুলিশ গাংনী মাঝিপাড়া গ্রামের জিতেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে নিরঞ্জন বিশ্বাস (৩৫) ও সাধন বিশ্বাসকে (৩০) গ্রেপ্তার করেছে।
মেয়েটির বড়ভাই পুলিশকে জানিয়েছেন, পাশের নলডাঙ্গী গ্রামে বোনের বাড়ি যাওয়ার পথে তাকে অপহরণ করা হয়।
প্রত্যক্ষদর্শীদের কাছে ঘটনা জানতে পেরে গত বুধবার তিনি মোল্লাহাট থানায় সাধন ও তার বড় ভাই নিরঞ্জনসহ চারজনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা করেন।
মোল্লাহাট থানার ওসি মাসুদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাতে নিরঞ্জনকে গোপালগঞ্জ থেকে এবং পরে তার স্বীকারোক্তিমতে শনিবার সকালে সাধনকে যশোরের নওয়াপাড়া থেকে গ্রেপ্তার করা হয়।
পরে মেয়েটিকে উদ্ধার করা হয় সাধনের ভাড়া বাসা থেকে।
গ্রেপ্তার দু'জনকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রোববার বাগেরহাট সদর হাসপাতালে তার ডাক্তারী পরীক্ষা হবে।
অপহরণের পর সাধন তাকে ধর্ষণ করেছে বলে মেয়েটি পুলিশকে জানিয়েছে।
উদ্ধার হওয়া কিশোরীর (১১) বাড়ি উপজেলার গাংনী গ্রামে। সে এবার উপজেলার গাংনী মাধ্যমিক বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশ নিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৫৬ ঘ.
bdnews24