২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ওনারা আইবো শীত গেলে'

রাত ১১টা; বরিশাল লঞ্চঘাট পন্টুনে পাটের চট আর ছেঁড়া কাঁথায় মুড়ে শুয়ে আছেন হাসিনা বেগম। বয়স আনুমানিক ৬৫ বছর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2011, 08:22 AM

Updated : 24 Aug 2022, 02:16 PM

সাইদ মেমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি বরিশাল, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাত ১১টা; বরিশাল লঞ্চঘাট পন্টুনে পাটের চট আর ছেঁড়া কাঁথায় মুড়ে শুয়ে আছেন হাসিনা বেগম। বয়স আনুমানিক ৬৫ বছর। পাশে বসতেই কাঁথার মধ্যে থেকে মাথা বের করে দেখার চেষ্টা করলেন। চিনতে না পেরে জিজ্ঞেস করলেন, "আপনে কেডা?" তার প্রশ্নের জবাব না দিয়ে জিজ্ঞেস করলাম, "আপনি এখানে ঘুমুচ্ছেন কেন?" উত্তরে বৃদ্ধা বললেন, "বাবা, মোর কেউ নাই, দিনে এইহানে খয়রাত করি। রাইতে এইহানেই ঘুমাই।" শীতে আপনাকে কেউ কম্বল কিংবা চাদর দেয়নি জিজ্ঞেস করতেই বৃদ্ধা বললেন, "ওনারা আইবো শীত' গেলে।" এভাবে হাড় কাঁপানো শীতে বরিশাল নগরীসহ পুরো দক্ষিণাঞ্চলের দরিদ্র ও ছিন্নমূল মানুষগুলো বিপর্যস্ত হয়ে পড়লেও তাদের সাহায্যে কাউকে আসতে দেখা যায়নি। বরিশাল সিটি কর্পোরেশনসহ জেলায় ত্রাণ মন্ত্রণালয় থেকে দেওয়া মাত্র ২ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। তবে তার উষ্ণতা লাভের সুযোগ হয়নি বেশিরভাগের। বৃহস্পতিবার বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখায় কথা হয় সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মোজাম্মেল হোসেনের সঙ্গে। তিনি বলেন, "সরকারিভাবে মাত্র ১টা কম্বল পেয়েছি, কাকে দেবো ঠিক করতে না পেরে গোপনে একজনকে দিয়ে দিয়েছি।" আরো কম্বল আছে কি না, সেটি জানার জন্যই ত্রাণ কার্যালয়ে আসা বলে জানান মোজাম্মেল। বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বরিশাল সিটি কর্পোরেশনসহ ১০টি উপজেলায় ২ হাজার কম্বল বরাদ্দ হয়েছে। এর মধ্যে বুধ ও বৃহস্পতিবার রাতে বরিশাল নগরীতে রাতে ১০০ কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক এসএম আরিফ-উর-রহমান। বাকি ১৯০০ কম্বল ১০ উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। শীতার্তদের বস্ত্র সংস্থানের জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক আরিফ-উর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৪২০ ঘ.