হবিগঞ্জ, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের বাহুবল উপজেলায় ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে কারের চার যাত্রী নিহত ও একজন আহত হয়েছে।
দৌলতপুর নামক স্থানে শনিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি রাস্তায় পড়ে থাকার কারণে ঢাকা-সিলেট মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
নিহতরা হলেন- প্রাইভেটকার চালক নোয়াপাড়া গ্রামের ফারুক মিয়া (৩৫), যাত্রী দক্ষিণ সুরমা উপজেলার শেখপাড়া গ্রামের হারুনুর রশিদ (৭২), জালালপুর গ্রামের রেজা মিয়া (৩০) ও কাদিরপুর গ্রামের যতু মিয়া (৬৫)।
আহত যাত্রী কাইয়ূম (৩৫) কে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহাসড়ক পুলিশের শায়েস্তাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৮টার দিকে দৌলতপুর এলাকায় ঢাকাগামী প্রাইভেট কারের সঙ্গে সিলেটগামী ট্রাকের সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই কারের যাত্রী হারুন নিহত হন। আহত চারজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পর ফারুক, রেজা ও যতু মিয়া মারা যান।
ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৩২০ ঘ.
bdnews24