নয়া দিল্লি, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের বিষয়টি বেশ কিছুদিন ধরে আলোচিত হলেও এবার তা নিশ্চিত করেছে ভারত।
সে দেশের পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণা বৃহস্পতিবার নয়াদিল্লিতে সাংবাদিকদের বলেছেন, এ বছরই বাংলাদেশ সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী।
তবে এ সফরের দিনক্ষণ এখনো ঠিক হয়নি বলে জানিয়েছেন তিনি। কৃষ্ণা বলেছেন, "প্রধানমন্ত্রীর ঢাকা সফরের জন্য উভয় পক্ষের সুবিধাজনক একটি তারিখ নির্ধারণের চেষ্টা করছি আমরা।"
২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরের সময় মনমোহনকে আমন্ত্রণ জানালে সে আমন্ত্রণ গ্রহণ করেন তিনি।
হাসিনার নয়া দিল্লি সফরের পর ভারতের প্রধানমন্ত্রীর ঢাকা সফরের বিষয়টি বেশ কিছু দিন আলোচনার মধ্যে ছিলো এবং সম্ভাব্য দিন-তারিখ নিয়েও আলোচনা করেন দুই দেশের কূটনীতিকরা।
গত সেপ্টেম্বর ও অক্টোবরে সফরের বিষয়ে আলোচনা হলেও তা বাতিল হয়ে যায়। কারণ মনমোহনের ঢাকা সফরের আগে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে প্রস্তুতি নিতে চায় ভারত।
হাসিনার সফরকালে উভয় পক্ষের ঐকমত্যের বিষয়গুলোর মধ্যে কেবল বাংলাদেশকে ১০০ কোটি মার্কিন ডলার ঋণ দেওয়ার ব্যাপারে গত অগাস্টে ভারতের এক্সিম ব্যাংকের সঙ্গে বাংলাদেশ সরকারের চুক্তি হয়েছে। তবে গুরুত্বপূর্ণ ইস্যু যেমন তিস্তার পানি বণ্টন চুক্তি ও দুই দেশের সীমান্ত বিতর্ক নিরসনে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।
তবে গত কয়েক মাসে ঢাকার সঙ্গে নয়া দিল্লির সম্পর্কে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলেও মন্তব্য করেন কৃষ্ণা।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে তিনি বলেন, ২৫ বছর পেরিয়ে দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) এখন অনেক পরিণত এবং কার্যকর।
কৃষ্ণা বলেন, "সার্কের বেশিরভাগ গুরুত্বপূর্ণ কর্মসূচি ও প্রকল্প বাস্তবায়নে সক্রিয়ভাবে কাজ করেছে ভারত। দিল্লির সাউথ এশিয়া ইউনিভার্সিটি ২০১০ সালে প্রথম শিক্ষাবর্ষের কার্যক্রম শুরু করেছে। এছাড়া আন্তঃদেশীয় যোগাযোগ ও দেশগুলোর নাগরিকদের সম্পর্কোন্নয়নসহ এ ধরনের নানা উদ্যোগ এ অঞ্চলের দেশগুলোর পারস্পারিক সম্পর্ক ও আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কাজ করেছে।"
একটি শান্তিপূর্ণ অঞ্চল গড়া এবং সমৃদ্ধশালী প্রতিবেশী পেতে ভারত সার্ককে আরো কার্যকর ভূমিকায় দেখতে চায় বলেও জানান কৃষ্ণা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/১৮০০ ঘ.
bdnews24