ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কাফরুল থানা এলাকায় পানি ভেবে বিষাক্ত পদার্থ পান করে এক কিশোরী মারা গেছে বলে তার পরিবার জানিয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে পুরাতন কচুক্ষেত এলাকায় এ ঘটনা ঘটে। কিশোরীর নাম রুমা আক্তার(১৬)।
বিষপানের পরপরই রুমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। তবে চিকিৎসক জানান, রুমা মারা গেছে।
রুমার মা কাজলি বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, "একটি বোতলে শিম গাছের পোকা মারার ওষুধ রাখা ছিলো। রুমা পানি মনে করে ভুল করে তা খেয়ে ফেলে।"
কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রুমার বাবা দুলাল মিয়া ময়নাতদন্ত ছাড়া লাশ নিয়ে যাওয়ার জন্য থানায় আবেদন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১৭০০ ঘ.
bdnews24