মাগুরা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খেলাপি ঋণের কারণে মাগুরা পৌরসভায় বিএনপি সমর্থিত প্রার্থী মাহবুবুল হক সিদ্দিকী মঞ্জুর মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে, যদিও ওই পৌরসভায় বিএনপির আরো দুই নেতার প্রার্থিতা টিকে আছে।
গত ১ জানুয়ারি প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তা শিল্প ব্যাংক ঝিনাইদহ শাখার অধীনে খেলাপি ঋণ থাকায় সাবেক মন্ত্রী মাজেদুল হকের ভাই মাহবুবুলের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
এর বিরুদ্ধে মঞ্জু আপিল করলে বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে এর শুনানি হয়। রিটার্নিং কর্মকর্তা ও মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল আলম সাংবাদিকদের বলেন, মাহবুবুল ও তার আইনজীবীদের যুক্তিতর্ক ও বিভিন্ন কাগজপত্র বিশ্লেষন করে ঋণ খেলাপি হিসেবে বিবেচনা করে জেলা প্রশাসক সুশান্ত কুমার সাহা তার মনোনয়নপত্র চূড়ান্তভাবে বাতিল করেছেন।
নির্বাচনে মাহবুবুল দলের সমর্থন পেলেও বিএনপির আরো দুজন নেতা প্রার্থী হয়েছেন। তারা হলেন- জেলা বিএনপির সদস্য মো. আয়ুব হোসেন ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফারুকুজ্জামান ফারুক।
মাহবুবুল মাগুরা পৌরসভার সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সভাপতি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫১৫ ঘ.
bdnews24