কুষ্টিয়া, জানুয়ারি ০৭, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাধিক মামলার আসামি কুষ্টিয়ার মিরপুর উপজেলার আহম্মদপুর গ্রামের পাঞ্জের আলীকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তার কাছ থেকে একটি এলজি, পাঁচ রাউন্ড গুলি ও পাঁচটি বোমাও উদ্ধার করা হয়েছে।
পুলিশ বলছে, এলাকার চিহ্নিত সন্ত্রাসী পাঞ্জের আলীর বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে মিরপুর থানায় কমপক্ষে ১২টি মামলা আছে।
থানার ওসি শেখ আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মিরপুর থানা ও কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের একটি যৌথ দল বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে পোড়াদহ ইউনিয়নের আহম্মদপুর গ্রামে অভিযান চালিয়ে পাঞ্জেরকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।
তিনি বলেন, "প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি লুকিয়ে রাখা অস্ত্র, গুলি ও বোমার তথ্য দেন। তারপর রাত সোয়া ১টার দিকে উপজেলার কলাবাড়িয়া জি.কে. সেচ খালের পূর্ব পাশে মাটি খুঁড়ে ওইসব অস্ত্র ও বোমা উদ্ধার করা হয়।"
ওসি আনোয়ার আরো জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এজে/১২০১ ঘ.
bdnews24