মুন্সীগঞ্জ, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা গ্রামের ছয় বছরের এক শিশুর চোখ উৎপাটনের পর শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে।
নিহত মো. মারুফ উপজেলার টেঙ্গুরিয়াপাড়া গ্রামে মামুন শেখের ছেলে। মামুন শেখ স্থানীয় লতিফ হাজীর প্রাইভেট কারের চালক। তিনি স্ত্রী মায়া বেগম এবং মেয়ে মীম (৮) ও ছেলে মারুফকে নিয়ে ইছাপুর গ্রামের এক বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ জানিয়েছে, শিশুটি বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ ছিলো। শুক্রবার সকালে বাড়ির পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা পাশের বাড়ির দুই যুবককে গণধোলাই দিয়েছে।
গণধোলাইয়ের শিকার সেলিম (৩০) ও জবাকে (২৮) উদ্ধার করে পুলিশ হেফাজতে সিরাজদিখান থানায় রাখা হয়েছে।
থানার ওসি মাহাবুব আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিশুটির চোখ উৎপাটনের পর শ্বাসরোধে তাকে হত্যা করা হয়। ধারণা করা হচ্ছে, কোনো অনৈতিক কাজ দেখে ফেলায় তারা এমন ঘটনা ঘটিয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমআই/১২০৪ ঘ.
bdnews24