ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাটের জন্ম রহস্য আবিষ্কার মহাজোট সরকারের সবচেয়ে বড় সাফল্য বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, "আমাদের সবচেয়ে বড় সাফল্য পাটের জেনোম সিকোয়েন্স বা জন্ম রহস্য আবিষ্কার। এ আবিষ্কারের ফলে আমরা পাটের উন্নত জাত উদ্ভাবন এবং বহুবিধ ব্যবহার নিশ্চিত করতে পারব।"
তিনি আরো বলেন, "আমরা পাট শিল্পকে পুনরুজ্জীবিত করেছি। পাটের মণ প্রতি দাম ২ থেকে আড়াই হাজার টাকা।"
মহাজোট সরকারের দু'বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে শেখ হাসিনা এ কথা বলেন।
কৃষিকে অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "পুনরায় দেশকে খাদ্যে স্বয়ং-সম্পূর্ণ করার উদ্যোগ নিয়েছি।"
গত দু'বছরে সারের দাম তিন দফা হ্রাস করার বিষয়টিও তিনি উল্লেখ করেন।
সেচের জন্য ডিজেল ও বিদ্যুতে চলতি অর্থবছরে প্রায় ছয় হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়াসহ কৃষির উন্নয়নে এই সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী আরো বলেন, "গত অর্থবছরে ১১ হাজার ১১৭ কোটি টাকার কৃষিঋণ বিতরণ করেছি। চলতি অর্থবছরে ১২ হাজার কোটি টাকা ঋণ বিতরণ করা হবে।"
কৃষির উন্নয়নে নেওয়া বিভিন্ন কর্মসূচির ফলে কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত হওয়ার পাশাপাশি চালের দাম বেড়েছে।
দরিদ্র এবং সীমিত আয়ের মানুষের জন্য উন্নয়নে নেওয়া সরকারের বিভিন্ন পদক্ষেটের কথাও তুলে ধরেন শেখ হাসিনা।
সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া এ ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি স
bdnews24