২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ সংকটে বিরোধী দলকেই দুষলেন প্রধানমন্ত্রী

দেশের চলমান বিদ্যুৎ সংকটের জন্য আবারো বিরোধী দলকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2011, 01:50 PM

Updated : 24 Aug 2022, 02:15 PM

ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের চলমান বিদ্যুৎ সংকটের জন্য আবারো বিরোধী দলকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির উদ্দেশে ভাষণে বৃহস্পতিবার বিদ্যুৎ সংকট প্রসঙ্গে তিনি বলেন, "আজকে দেশব্যাপী বিদ্যুৎ-জ্বালানির যে তীব্র সঙ্কট, তার মূলে রয়েছে বিএনপি-জামাত জোট সরকারের চরম ব্যর্থতা এবং এখাতে ব্যাপক লুটপাট দুর্নীতি। তবে আমরা কঠোর পরিশ্রম করে সংকট কাটিয়ে উঠছি।" চারদলীয় জোট সরকারের পাঁচ বছর 'এক মেগাওয়াট বিদ্যুতও উৎপাদিত হয়নি' দাবি করে তিনি বলেন, "কিন্তু লুটপাট হয়েছে হাজার কোটি টাকা।" আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের দু'বছর পূর্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ শুরু করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, "আপনারা জানেন, একটি বড় বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে ৩-৪ বছর সময় লাগে। বিদ্যুতের আশু চাহিদা মেটানোর জন্য আমরা তাই অতি দ্রুত, মাঝারি এবং দীর্ঘ-মেয়াদি কর্মসূচি হাতে নিয়েছি।" অতীতে কোনো সরকারের পক্ষে প্রথম দু'বছরে এত উন্নয়ন কাজ করা সম্ভব হয়নি দাবি করে শেখ হাসিনা বলেন, "দুই বছরে আমরা যত কাজ করেছি, এটা কেবল আওয়ামী লীগ সরকারের পক্ষেই সম্ভব।" ৩৩টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ শুরু কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "এতে ২ হাজার ৯৪১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে।" ৩ হাজার ৮৪০ মেগাওয়াট ক্ষমতা-সম্পন্ন আরো ২৪টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য দরপত্র আহ্বানের কথাও বলেন তিনি। আগামী পাঁচ বছরে প্রায় ১২ হাজার মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কর্মসূচি নেওয়ার কথাও প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন। তিনি বলেন, "গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পাশাপাশি আমরা তরল জ্বালানি, কয়লা, ডুয়েল ফুয়েল এবং নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের কাজ শুরু করেছি।" রাশিয়ার সহযোগিতায় রূপপুরে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রক্রিয়া শুরুর বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, "এখানে পর্যায়ক্রমে দু'হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে।" "২০১২ সালের মধ্যে ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে," বলেন প্রধানমন্ত্রী। বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বিনামূল্যে এক কোটি পাঁচ লাখ বিদ্যুৎ সাশ্রয়ী সিএফএল বাল্ব বিতরণ করা হয়েছে। আরো এক কোটি ৭৫ লাখ বিতরণ করা হবে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে গ্যাসের উৎপাদন বৃদ্ধিতে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে বলেন, "২০০৯ সালে গ্যাসের উৎপাদন ছিল দৈনিক ১৭৫০ মিলিয়ন ঘনফুট। গত মাসে গ্যাস উৎপাদন দৈনিক ২০৩৫ মিলিয়ন ঘনফুটে উন্নীত হয়েছে। সঞ্চালন লাইন নির্মাণের কাজও শুরু হয়েছে।" শেখ হাসিনা বলেন, "২০১২ সালের মধ্যে দৈনিক ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সমপরিমাণ এলএনজি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।" বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত অর্থনৈতিক, খাদ্য, শিক্ষা ও বিদ্যুত খাতে সফলতার চিত্র তুলে ধরে শেখ হাসিনা বলেন, সে সময় বিদ্যুৎ উৎপাদন ১৬০০ মেগাওয়াট থেকে বৃদ্ধি পেয়ে ৪৩০০ মেগাওয়াটে উন্নীত হয়েছিল। চারদলীয় জোট সরকার ক্ষমতায় এসে প্রতিহিংসার বশবর্তী হয়ে পূর্ববর্তী সরকারের অসমাপ্ত কর্মসূচিগুলো বন্ধ করে দেওয়ার পাশাপাশি বহু অনুমোদিত প্রকল্প বাতিল করে দেয় বলে অভিযোগ করেন শেখ হাসিনা। বিশ্ব স