২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিএনপি-জামায়াত জোটের সঙ্গে তুলনা করুন'

মহাজোটের সাফল্য বিচারের ভার জনগণের ওপর ছেড়েছেন শেখ হাসিনা। তবে তিনি তার সরকারের সময়কে বিএনপি-জামায়াতের সঙ্গে তুলনা করার অনুরোধ জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2011, 01:40 PM

Updated : 24 Aug 2022, 02:15 PM

ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাজোটের সাফল্য বিচারের ভার জনগণের ওপর ছেড়েছেন শেখ হাসিনা। তবে তিনি তার সরকারের সময়কে বিএনপি-জামায়াতের সঙ্গে তুলনা করার অনুরোধ জানিয়েছেন। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের দুইবছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে শেখ হাসিনা এ কথা বলেন। জনগণের ভাগ্য উন্নয়নে মহাজোট সরকারের আন্তরিকতার বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা বলেন, "দায়িত্ব গ্রহণের পর থেকে আমি এবং আমার সহকর্মীরা আপ্রাণ চেষ্টা করছি আপনাদের আস্থার প্রতি সম্মান দেখিয়ে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের।" বিএনপি নেতৃত্বধানী গত চারদলীয় জোট সরকারের পাঁচ বছর এবং তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরে দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ভেঙে পড়েছিলো বলে দাবি করেন সরকারপ্রধান হাসিনা। তিনি বলেন, "আমি দৃঢ়ভাবে বলতে পারি- আমরা চেষ্টার ত্র"টি করছি না এবং অনেক সফলতাও অর্জন করেছি। অর্থনীতিকে গতিশীল করেছি।" সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, "সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি। মানুষের জীবনে শান্তি ও স্বস্তি ফিরিয়ে আনতে যথেষ্ট সফল হয়েছি আমরা।" সন্ধ্যা সাড়ে ৭টায় দেশবাসীকে ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে জাতির উদ্দেশে ভাষণ শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট জয়লাভ করে। পরের বছরের ৬ জানুয়ারি তারা সরকার গঠন করে। সরকার পরিচালনায় সহযোগিতা করার জন্য দেশবাসিকে আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। শেখ হাসিনা তার ভাষণের শুরুতে মুক্তিযুদ্ধে শহীদসহ ১৯৭৫-এর ১৫ অগাস্টে নিহতদের এবং জাতীয় চার নেতাকে স্মরণ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/পিডি/১৯৪০ ঘ.