২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাইকারীর হামলায় সাবেক সেনা আহত

রাজধানীর আদাবর থানা এলাকায় সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত নায়েক ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2011, 10:36 AM

Updated : 24 Aug 2022, 02:16 PM

ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আদাবর থানা এলাকায় সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত নায়েক ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, সেনাবাহিনীর সাবেক নায়েক মাহফুজুর রহমান (৫৬) বৃহস্পতিবার ভোর ৬টার দিকে রিকশায় তার স্ত্রী মাহফুজা বেগমকে নিয়ে আদাবর পিসি কালচার হাউজিংয়ের সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় দুইজন ছিনতাইকারী তাদের রিকশার গতিরোধ করে। তাদের হামলায় রিকশাচালক আবুল হোসেনও (৪০) আহত হয়েছেন। আহতদের প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেনাবাহিনীর একটি হাসপাতালে নেওয়া হয়েছে। মাহফুজা বেগম সাংবাদিকদের জানান, তারা ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য শেখের টেকের বাসা থেকে রিকশায় শ্যামলী যাচ্ছিলেন। পিসি কালচার হাউজিংয়ের সামনে পৌঁছামাত্র দুইজন ছিনতাইকারী তাদের গতিরোধ করে তার গালার চেইন ও দুটি ব্যাগ ছিনিয়ে নেয়। তিনি বলেন, "এ সময় মাজফুজ বাধা দিলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। চলে যাওয়ার সময় রিকশাওয়ালাকেও ছুরিকাঘাত করে তারা।" মাহফুজা দাবি করেন, তাদের ব্যাগে তিন হাজার টাকা ও দুটি স্বর্ণের দুল ছিলো। গলার চেইনটি ছিলো এক ভরি ওজনের। আদাবর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রমজান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাহফুজুর রহমান একজন অবসর প্রাপ্ত নায়েক (ক্লার্ক)। তার মুখ, পেট ও পিঠে ছুরিকাঘাত করা হয়েছে। রিকশাচালকের পিঠে ছুরিকাঘাত করা হয়েছে। মাহফুজুর রহমান বর্তমানে একটি নির্মাণ প্রতিষ্ঠানে কর্মরত বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এজে/১৬৩৩ ঘ.