রংপুর, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর থেকে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যের ১২টি ট্রেন পুনরায় চালুর দাবিতে রেলপথ অবরোধ করেছে স্থানীয়রা। এতে দুটি ট্রেন আটকা পড়ে দুর্ভোগে পড়েছে যাত্রীরা।
রংপুর বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদের ডাকে হাজার খানেক মানুষ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রংপুর রেল স্টেশনে রেলপথ অবরোধ করে রেখেছে।
এ কারণে রংপুর রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে বগুড়ার শান্তাহারগামী দোলনচাপা এক্সপ্রেস এবং ও দিনাজপুরগামী একটি কমিউটার ট্রেন। বিক্ষোভকারীরা দুটি ট্রেনের মাঝখানে অবস্থান নিয়ে আছে।
রেল স্টেশনে সমাবেশও করেছে বিভাগ আন্দোলন পরিষদ। সমাবেশে পরিষদের আহ্বায়ক ওয়াদুদ আলী বলেন, রংপুর থেকে রাজধানীগামী দুটি আন্তঃনগর ট্রেন একতা ও তিস্তা এক্সপ্রেস হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া বন্ধ হয়ে গেছে রংপুর অঞ্চলের ওপর দিয়ে যাওয়া ১০টি লোকাল ও মেইল ট্রেন। এসব ট্রেন আবার চালু করতে হবে।
আন্দোলনকারীরা দিনব্যাপী রেলপথ অবরোধের কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। দুপুর ১২টা পর্যন্ত রেল চলাচল বন্ধ ছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২০৫ ঘ.
bdnews24