২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বায়ু দূষণ: কারখানার ৪ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম বন্দর এলাকায় বায়ু দূষণের দায়ে একটি প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2011, 01:34 PM

Updated : 24 Aug 2022, 02:15 PM

চট্টগ্রাম, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডকম)- চট্টগ্রাম বন্দর এলাকায় বায়ু দূষণের দায়ে একটি প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী ইক্যুইটি রেডিমিক্স অ্যান্ড কংক্রিট প্রোডাক্টস লিমিটেডকে এ জরিমানা করেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিবেশ ছাড়পত্র ছাড়াই প্রতিষ্ঠানটি বন্দরের আবাসিক এলাকায় বায়ু নিরোধক যন্ত্র ব্যবহার না করে কাজ করে আসছিল। অথচ এর পাশেই রয়েছে একটি হাইস্কুল। পরিবেশ অধিদপ্তরের পরিচালক জানান, মঙ্গলবার অধিদপ্তরের একটি দল ওই এলাকা পরিদর্শন করে ওই প্রতিষ্ঠানে ফিল্টার ও ডাস্ট কালেক্টর পদ্ধতি দেখতে পায়নি। এ কারখানা থেকে বালি, কংক্রিট ও সিমেন্ট চূর্ণ উড়ে গিয়ে সংশ্লিষ্ট এলাকায় কর্মরত শ্রমিক-কর্মচারী এবং আবাসিক এলাকার বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকির সৃষ্টি করছে। এ কারণে প্রতিষ্ঠানটির উপ-মহাব্যবস্থাপককে ঢাকায় তলব করে ৩ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসঙ্গে আগামী ১৫ জানুয়ারির মধ্যে বায়ুদূষণ নিয়ন্ত্রণে পর্যাপ্ত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়। এছাড়া অধিদপ্তরের পরিদর্শনে দেখা যায়, কারখানার তরল বর্জ্য সরাসরি চট্টগ্রাম বন্দরের মালিকানাধীন মহেশ খালে নির্গমণ হচ্ছে। প্রতিষ্ঠানের ৩৩ শতাংশ জায়গায় গাছগাছালি থাকার পরিবেশ অধিদপ্তরের নির্দেশ থাকলেও তা মানা হয়নি। ২০০৮ সাল থেকে গত ৯৩৬ দিনে ১৪ হাজার ঘনমিটার ভাসমান বস্তুকণা (এসপিএম) এই প্রতিষ্ঠান থেকে নির্গত হয়েছে। এসব বস্তুকণা ৫০০ মিটার ব্যাসার্ধ পর্যন্ত বিস্তৃত হতে পারে, যা জনস্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/১৯২০ ঘ.