ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকারের সময়ে শিক্ষানীতি প্রণয়নের পর এবার চূড়ান্ত হতে যাচ্ছে স্বাস্থ্যনীতি। সংসদের আগামী অধিবেশনেই তা উপস্থাপন করা হবে বলে স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক জানিয়েছেন।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত এক সেমিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, "স্বাধীনতার ৩৯ বছর পরও জাতীয় স্বাস্থ্যনীতি প্রণয়ন করতে পারিনি, এটা আমাদের জন্য দুঃখজনক। আওয়ামী লীগের বিগত শাসনামলে ২০০০ সালে একটি স্বাস্থ্যনীতি মন্ত্রিসভায় অনুমোদিত হয়ে বাস্তবায়নের অপেক্ষায় ছিলো। কিন্তু বিগত বিএনপি জোট সরকার সেই নীতিকে উপেক্ষা করে বাস্তবায়নের উদ্যোগ নেয়নি।"
বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী সেই স্বাস্থ্যনীতিকে ভিত্তি করে সরকার একটি জাতীয় স্বাস্থ্যনীতি প্রণয়নের কাজ করে যাচ্ছে বলে জানান রুহুল হক।
'স্বাস্থ্য খাত : সরকারের দুই বছরের মূল্যায়ন' শীর্ষক ওই সেমিনারের আয়োজন করে হেলথ রিপোর্টার্স ফোরাম (এইচআরএফ)।
সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকদের ঠিকমতো সেবা না দেওয়ার অভিযোগ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "অল্প কিছু চিকিৎসক দায়িত্বে অবহেলা করছেন এমন তথ্য আমাদের কাছে রয়েছে। যাতে জনগণ পুরোপুরি সেবা পায় সেজন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে।"
এজন্য বিনা নোটিশে হাসপাতালগুলোতে মন্ত্রণালয় থেকে পরিদর্শন দল পাঠানো হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, যদি সেখানে কোনো চিকিৎসকের অনুপস্থিতি বা অন্য অনিয়ম ধরা পড়ে তবে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এছাড়া হাসপাতালগুলোর কার্যক্রম উন্নয়নের জন্য নিয়মিত তদারকি করা হচ্ছে বলেও জানান তিনি।
তিনি বলেন, "জনসংখ্যা নিয়ন্ত্রণ না করতে পারলে তা দেশের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। তাই জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিকল্পনামাফিক কাজ করে যাচ্ছে সরকার।"
সরকারের দুই বছরের সফলতার কথা তুলে ধরে তিনি বলেন, "জনবল বাড়ানোর পাশাপাশি সব সরকারি হাসপাতালে রোগীদের বিনামূল্যে পর্যাপ্ত পরিমাণে ওষুধ সরবরাহ করা হচ্ছে।"
মন্ত্রী আরো বলেন, শিশুর পুষ্টি কার্যক্রমকে গতিশীল করতে সরকার নবজাতকের স্বাস্থ্য কৌশলপত্র অনুমোদন করে জাতীয় পুষ্টিনীতি ঘোষণা করেছে।
এছাড়া বিকল্প শিশুখাদ্য বিপনন ১৯৮৪ অধ্যাদেশ (গুড়ো দুধ ও শিশুখাদ্য বাজারজাতকরণ ও বিপনন আইন) সংশোধন ও বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।
আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া সেমিনারে মূল প্রবন্ধে বলেন, "বর্তমানে প্রতি হাজারে শিশু মৃত্যুর হার ৫৪ জন। এই সরকার দায়িত্ব গ্রহণের আগে এ হার ছিলো ৬৫। ২০২১ সালের মধ্যে এই হার ১৫তে নামিয়ে আনার লক্ষ্যে কাজ করা হচ্ছে।"
সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী সারাদেশে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
সেমিনারে আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. খন্দকার মো. শিফায়েতউল্লাহ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মাহমুদ হাসান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব ইকবাল আর্সেনাল, এইচআরএফ এর সভাপতি দৈনিক যুগান্তরের জেষ্ঠ্য প্রতিবেদক মনিরুজ্জামান উজ্জ্বল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/আরএ/এমআই/১৭০৫ ঘ.
bdnews24