ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালয়েশিয়ায় আবারো বাংলাদেশের শ্রমবাজার খোলার প্রস্তুতি চূড়ান্ত করতে দেশটির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল আগামী ৮ জানুয়ারি ঢাকায় তিনদিনের সফরে আসছে।
মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল দাতো আজাহার বিন রাজা আব্দুল মানাপ এ সফরে নেতৃত্ব দেবেন।
পাঁচ সদস্যের প্রতিনিধি দলে আরো থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি দাতো রোসলি বিন সাদ, মানবসম্পদ মন্ত্রণালয়ের প্রিন্সিপাল আন্ডার সেক্রেটারি আসরি বিন আব্দুর রহমান, জনশক্তি মন্ত্রণালয়ের পরিচালক ইউসুফ বিন হারুন ও বিদেশি শ্রমিক নিয়ন্ত্রণ বিভাগের সহকারী সচিব নূর হিসাম বিন মুহাম্মদ নূর।
মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের প্রবেশ নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের নেওয়া পদক্ষেপ পর্যবেক্ষণে এ সফর বলে জানিয়েছেন মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের শ্রম সচিব মন্টু কুমার ঘোষ।
সফরে প্রতিনিধি দলটির সদস্যরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও প্রবাসী কল্যাণ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে দেখা করবেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী কর্মীদের স্মার্টকার্ড বিতরণ প্রক্রিয়া দেখানো হবে তাদের।
তারা বোয়েসেলের ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের কার্যক্রম এবং মিরপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রও পরিদর্শন করবেন। যাবেন কক্সবাজার জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিস দেখতে। এছাড়া জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার নেতাদের সঙ্গেও বৈঠক করবেন তারা।
গত ১২ ডিসেম্বর প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন মালয়েশিয়া সফর করেন। তখন বাংলাদেশ থেকে আবারো শ্রমিক নেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেয় কুয়ালালামপুর।
এমন প্রেক্ষাপটে কোন প্রক্রিয়ায় কর্মী পাঠানো হবে- সে ব্যাপারে কৌশলপত্র চূড়ান্ত করে বাংলাদেশ তা মালয়েশিয়া সরকারের অবগতির জন্য পাঠিয়েছে। বাংলাদেশের এসব পদক্ষেপ দেখতেই আসছে মালয়েশিয়ার প্রতিনিধি দলটি।
আগামী জুনের আগেই শ্রমবাজার উ
bdnews24