চট্টগ্রাম, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপরিচ্ছন্ন ও বাসি খাবার বিক্রি এবং সড়কে মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় পৃথক দু'টি ভ্রাম্যমাণ আদালত ১৪টি প্রতিষ্ঠানকে মোট এক লাখ ৪৩ হাজার টাকা জরিমানা করেছে।
এর মধ্যে মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম ইসমত রেজা অভিযান চালান নগরীর কোতোয়ালীর সদরঘাট সড়কে।
সোমবার চট্টগ্রাম সিটি করপোরেশেনের (সিসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ ছালেহ আহমেদ আগ্রাবাদ এলাকায় অভিযান চালান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বেগম ইসমত রেজার আদালত কোতোয়ালীর সদরঘাট সড়কে অপরিচ্ছন্ন ও বাসি খাবার বিক্রির অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করে।
দুপুর বারটা থেকে দেড়টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে বিএসটিআই চট্টগ্রামের প্রতিনিধি ও র্যাবের একটি দল সহায়তা করে।
র্যাব-৭ এর স্টাফ অফিসার সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) এস এম নুরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযানে হোটেল ডিলাইটকে ১২ হাজার টাকা, হোটেল মুন স্টারকে ১৫ হাজার টাকা ও ছালাম বেকারিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবারের অভিযানে চট্টগ্রাম সিটি করপোরেশেনের (সিসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ ছালেহ আহমেদের আদালত ১১টি প্রতিষ্ঠানকে মোট এক লাখ ১১ হাজার টাকা জরিমানা করে।
অভিযানে অপরিচ্ছন্ন ও বাসি খাবার বিক্রির অপরাধে ডবলমুরিংয়ের আগ্রাবাদ মোড়ে ফুয়াং ফুড প্রোডাক্টসকে ১২ হাজার টাকা, ফুড ফেয়ার মিষ্টির দোকানকে ২০ হাজার টাকা, ফুড ফেয়ার জুস বারকে ২০ হাজার টাকা ও হোটেল ওরিয়েন্টকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এরপর ভ্রাম্যমাণ আদালতটি আগ্রাবাদ এক্সেস সড়কে অভিযান চালায়। এ সময় সড়কে অবৈধভাবে মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে সাতটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
ম্যাজিস্ট্রেট শেখ ছালেহ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় সাত প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদের মধ্যে সেলিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপকে দুই হাজার টাকা, এস এম ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ওয়ার্কশপকে এক হাজার টাকা, বিসমিল্লাাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপকে এক হাজার টাকা, মিসেস লায়লা মোটর ওয়ার্কশপকে চার হাজার টাকা, বাংলাদেশ পার্সেল ও কুরিয়ার সার্ভিসকে তিন হাজার টাকা, ম্যাক ট্রেডার্সকে এক হাজার টাকা ও হোসেন ইঞ্জিনিয়ারিংকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/ডিডি/২২০৮ ঘ.
bdnews24