২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় মৃত্যুতে সাজা কমানো কেন বেআইনি নয়: হাইকোর্ট

চালকের অসতর্কতার কারণে সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে সাজার মেয়াদ কমিয়ে আইনের সংশোধন কেন সংবিধান পরিপন্থী ও বেআইনি হবে না, সরকারের কাছে তার কারণ জানতে চেয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2011, 01:27 PM

Updated : 24 Aug 2022, 02:15 PM

ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চালকের অসতর্কতার কারণে সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে সাজার মেয়াদ কমিয়ে আইনের সংশোধন কেন সংবিধান পরিপন্থী ও বেআইনি হবে না, সরকারের কাছে তার কারণ জানতে চেয়েছে হাইকোর্ট। আগামী তিন সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতির সচিবালয়ের সচিব, প্রধানমন্ত্রীর সচিবালয়ের সচিব, আইন সচিব, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ও স্বরাষ্ট্র সচিবকে এর জবাব দিতে বলা হয়। বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের করা রিট আবেদনে মঙ্গলবার এ নির্দেশ দেয়। সংগঠনটির পক্ষে রিট আবেদন দাখিল করেন অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী, অ্যাডভোকেট ছারোয়ার আহাদ চৌধুরী ও অ্যাডভোকেট এখলাস উদ্দিন ভূইঞা। ১৯৮৫ সালের ১০ অক্টোবর এক অধ্যাদেশের মাধ্যমে গাড়ি চালকের অসতর্কতার ফলে সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে সাজার মেয়াদ সাত বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়। আদালতে রিট আবেদনকারী পক্ষের আইনজীবী মনজিল মোরসেদ বলেন, "এই সংশোধনীর কারণে দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা বেড়ে চলেছে। পথচারী ও যাত্রীর জীবনের নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে।" তিনি বলেন, সংবিধানের ৩২ অনুচ্ছেদে অনুযায়ী বেঁচে থাকার অধিকার মানুষের মৌলিক অধিকার হলেও চালকের অসতর্কতায় মুত্যুর কারণে নাগরিকরা সে অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এ সম্পর্কিত আইনের সংশোধনীটি বাতিল করে সাত বছরের সাজা বহাল রাখার দাবি জানান তিনি। সরকার পক্ষে আইনজীবী হিসাবে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আলতাফ হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেবি/এমআই/১৯২৭ ঘ.