রাজশাহী, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারদলীয় জোট সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া রাজশাহী রেশম কারখানা আবার চালুর উদ্যোগ নিয়েছে সরকার।
মঙ্গলবার রাজশাহীতে এক সভায় বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এ কথা জানান।
তিনি বলেন, " রেশম কারখানাটি চালু হলে রাজশাহীর ২০ থেকে ২৫ হাজার লোকের কর্মস্থানের সুযোগ সৃষ্টি হবে।"
রেশম সুতার আমদানি কমানোর জন্য স্থানীয়ভাবে সুতা উৎপাদন করা হবে বলেও জানান তিনি।
এর আগে সকালে মন্ত্রী রেশম কারখানাটি পরিদর্শন করেন।
২০০০ সালের ৩০ নভেম্বর কারখানটি বন্ধ করে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের বিদায় করা হয়।
বাংলাদেশ রেশম বোর্ড ও বাংলাদেশ সেরিকালচার রিসার্স অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের (বিএসআরটিআই) কর্মকর্তাদের সঙ্গে ওই সভা করেন মন্ত্রী।
সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জবাবে লতিফ সিদ্দিকী বলেন, আওয়ামী লীগে কোনো যুদ্ধাপরাধী নেই।
রাজশাহী রেশম বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় আরো বক্তব্য রাখেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহীর স্থানীয় সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আশরাফুল মকবুল, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চ্যেয়ারম্যান নুরুল ইসলাম ঠাণ্ডু।
পরে মন্ত্রী রাজশাহী টেক্সটাইল মিল পরিদর্শন করেন।
সন্ধ্যায় মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তার। এছাড়া বুধবার মন্ত্রী রাজশাহী জুট মিলস পরিদর্শন করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৮১৮ ঘ.
bdnews24