২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিনদিন পরও টিকিট না পাওয়ার কষ্ট

"মা, বাসায় চল। না খেয়ে, না ঘুমিয়ে মারা যাবি।" বিশ্বকাপ ক্রিকেটের টিকিটের জন্য তিনদিন অপেক্ষায় থাকা মেয়েকে এভাবেই অনুরোধ করছিলেন শফিকুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2011, 05:20 PM

Updated : 24 Aug 2022, 02:14 PM

ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- "মা, বাসায় চল। না খেয়ে, না ঘুমিয়ে মারা যাবি।" বিশ্বকাপ ক্রিকেটের টিকিটের জন্য তিনদিন অপেক্ষায় থাকা মেয়েকে এভাবেই অনুরোধ করছিলেন শফিকুল ইসলাম। কিন্তু শফিকুল ইসলামের কথায় কানই দিচ্ছে না তার মেয়ে। সে টিকিট না নিয়ে যাবেই না মেয়ে। শেষে টেনে-হিঁচড়ে মেয়েকে বাসায় নিয়ে যান তিনি। তারপর শুরু হয় ওই মেয়ের কান্না। টিকিট না পাওয়ার কষ্ট নিয়ে বাড়ি যেতে হল তিনদিন পর। সোমবার সকাল নয়টার দিকে মিরপুর ১ নম্বর সেকশনে সিটি ব্যাংকের সামনে থেকে জোর করে মেয়েকে বাসায় নিয়ে যান শফিকুল ইসলাম। কিন্তু সবার গল্পইতো তার মেয়ের মতো। অনন্ত অপেক্ষার গল্প। টিকিট পাবে কিনা তার উদ্বেগের গল্প। কেউ যেন বিশ্বসই করতে চাইছে না বাংলাদেশে বিশ্বকাপ হবে,আর তারা খেলা দেখতে পারবে না। তাই হাজার হাজার ক্রিকেটপ্রেমী শুক্রবার থেকে লাইন ধরে অপেক্ষা করছেন ব্যাংকের সামনে। না ঘুমিয়ে, না খেয়ে পরিশ্রান্ত এসব ক্রিকেটপ্রেমীর অনেকেই শেষ পর্যন্ত টিকিট পাবেন না বলে ব্যাংক কর্মকর্তরা জানিয়েছেন। কারণ টিকিটের চেয়ে টিকিট প্রত্যাশীর সংখ্যা অনেক বেশি। প্রথম দিন টিকিট বিক্রির পর যতগুলো টোকেন ছাড়া হয়েছে টিকিটের সংখ্যা তার চেয়ে অনেক কম বলে জানিয়েছেন মিরপুর ১ নম্বর সেকশনের সিটি ব্যাংকের ম্যানেজার মো. রেজোয়ান তরফদার। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকিট বিক্রির কার্যক্রম চলছে। তবে দর্শকদের চাহিদা মোতাবেক টিকিট সরবারহ করতে সময় বেশি লাগছে। পুরো কার্যক্রম ইন্টারনেটভিত্তিক হওয়ায় তড়িঘড়ি কোনো কাজ করা যায় না। "আমি নিজেও তিনদিন না ঘুমিয়ে আছি। মানুষ কথা শুনতে চায় না। তারা চায় টিকিট," বলেন তিনি। সারাদেশে সিটি ও অগ্রণী ব্যাংকের ৮০টি শাখায় একযোগে সার্ভারের মাধ্যমে টিকিট বিক্রি চলছে। সিটি ব্যাংকের ৫০টি ও অগ্রণী ব্যাংকের ৩০টি শাখায় টিকিট বিক্রি চলবে। এর মধ্যে ঢাকায় রয়েছে ওই দুই ব্যাংকের ১২টি শাখা। তবে কোন ব্যাংক থেকে কতগুলো টিকিট বিক্রি করা যাবে সে বিষয়টি নির্দিষ্ট করা নেই বলে জানান রেজোয়ান। সোমবার সকালে মিরপুর সিটি ব্যাংকের সামনে দেখা যায়, ফুটপাতে মাদুর পেতে, খবরের কাগজ বিছিয়ে ঘুমিয়ে রয়েছেন অনেকই। কেউ কেউ লাইনে দাঁড়িয়েই নাস্তা করছিলেন। তিনদিন থেকে অপেক্ষায় থাকা কলেজ শিক্ষার্থী নাজমুল আলম পাশে ঘুমিয়ে থাকা তার বন্ধুকে দেখিয়ে বলেন, "ওর মানিব্যাগ আর মোবাইল পাহারার দায়িত্ব আমার। আমি রাতে ঘুমিয়েছি। ওর দিনে ঘুমানোর কথা।" মিরপুরের সিটি ব্যাংকে শনিবার সকাল থেকে লাইনে দাঁড়িয়ে সোমবার বেলা ১১টায় দুটি টিকিট পেয়েছেন সুমন। টিকিট হাতে পেয়ে পরিশ্রান্ত সুমনের সেকি উচ্ছ্বাস! তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সব ক্লান্তি দূর হয়ে গেছে। দেশের মাটিতে বাংলাদেশের খেলা দেখতে পারবো। ভাবতেই ভালো লাগছে।" রাজধানীর পান্থপথে সিটি ব্যাংকে টিকিট বিক্রির প্রক্রিয়ায় ধীর গতি নিয়ে সকালে লোকজন বিক্ষোভ করেছে। ব্যাংক কর্তৃপক্ষ তৎপর হলে ভোগান্তি কম হতো বলেও দাবি করেন একাধিক টিকিট প্রত্যাশী। রোববার সন্ধ্যায় ধানমণ্ডি ২৭ নম্বর সড়কে সিটি ব্যাংকের সামনে লাইনে দাঁড়ানো পাঁচশ' জনকে টোকেন দেওয়া হয়েছে। সোমবার দুপুর দেড়টা পর্যন্ত এর মধ্যে টিকিট পেয়েছেন মাত্র ৪০জন বলে জানান সেখানে আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত পুলিশের উপ-পরিদর্শক মজিবুর রহমান। তিনি বলেন, "সিরিয়াল মেনে পাঁচজন পাঁচজন করে ভেতরে ঢোকানো হচ্ছে। ফলে প্রথম দিনের মতো সমস্যা হচ্ছে না। এখনো নতুন লোকজন এসে লাইনে যোগ দিচ্ছেন।" বৈরী আবওহায়ার মধ্যেও টিকিটের জন্য অপেক্ষা করছেন হাজার হাজার মানুষ। তবে সোমবার প্রথম দিনের মতো হাঙ্গামা হয়নি। পান্থপথে সিটি ব্যাংকের সামনে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফরহাদ আলম বলেন, "শনিবার থেকে লাইনে দাঁড়িয়ে আছি। বুঝতে পারছি না শেষ পর্যন্ত টিকিট পাবো কিনা।" আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যাংকের সামনে পুলিশ ও র‌্যাবের প্রহরা রয়েছে। ফেব্র"য়ারি মাসের মাঝামাঝিতে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কায় বসছে বিশ্ব ক্রিকেটের বসচেয়ে বড় আসর। উদ্বোধনী খেলা হবে ঢাকায়। এখন ব্যাংকে টিকিটের সমপরিমাণ অর্থ নিয়ে একটি ফরম পূরণ করে তার প্রাপ্তি স্বীকার পত্র দেওয়া হচ্ছে। টাকা জমা দেওয়ার রশিদ দেখিয়ে পরে টিকিট সংগ্রহ করা যাবে। ফলে ওই রশিদটিকেই এখন টিকিট বলা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/ডিডি/২৩০০ ঘ.