২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রপ্তানির পণ্য চুরির চেষ্টা, ভ্যানচালক গ্রেপ্তার

রপ্তানির জন্য চট্টগ্রাম বন্দরে নেওয়ার সময় কাভার্ড ভ্যান থেকে তৈরি পোশাক চুরির চেষ্টার অভিযোগে ভ্যানটির চালককে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2011, 03:37 PM

Updated : 24 Aug 2022, 02:14 PM

চট্টগ্রাম, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রপ্তানির জন্য চট্টগ্রাম বন্দরে নেওয়ার সময় কাভার্ড ভ্যান থেকে তৈরি পোশাক চুরির চেষ্টার অভিযোগে ভ্যানটির চালককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার বিকাল ৪টার দিকে বন্দর থানাধীন নিমতলা এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব। সোমবার র‌্যাব বলেছে, বন্দর বাইপাস সড়কে শনিবার রাত সাড়ে ৮টার দিকে ভ্যানের তালা ভেঙে পোশাক চুরির সময় র‌্যাব সেখানে অভিযান চালায়। ওই সময় কাভার্ড ভ্যানচালক, তার সহকারী ও চোরচক্রের সদস্যরা পালিয়ে যায়। র‌্যাব-৭ এর কর্মকর্তা সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট এস এম নুরুল হুদা বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে বলেন, গাজীপুরের ইকোটেক্স লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানার এসব পণ্য যুক্তরাজ্যে রপ্তানির জন্য কাভার্ড ভ্যানে করে চট্টগ্রামের ইসহাক ডিপোতে নেওয়া হচ্ছিলো। কাভার্ড ভ্যানটি (ঢাকা মেট্রো ট ১১- ২৬৬৯) চট্টগ্রাম বন্দর বাইপাস সড়কে পৌঁছালে একটি সংঘবদ্ধ চক্র তালা ভেঙে ভ্যানে থাকা তৈরি পোশাক চুরির চেষ্টা করে। এ সময় র‌্যাবের একটি দল ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যানে রাখা এবং ৭৪৬টি কার্টুনে থাকা মোট ৪০ হাজার নয়শ' পিস তৈরি পোশাক উদ্ধার করে। এগুলোর মূল্য প্রায় ৩৯ লাখ টাকা। র‌্যাব কর্মকর্তা জানান, পণ্যের পরিবহন ঠিকাদার মো. মহিউদ্দিন আহমেদের দেওয়া তথ্যের ভিত্তিতে গাড়িচালক ইকবালকে নিমতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত গাড়ি চালক ইকবাল প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তিনি ও তার সহযোগীরা কাভার্ড ভ্যানে থাকা মালামাল চুরির চেষ্টা করছিলেন। এএসপি নুরুল হুদা জানান, এ ঘটনায় রোববার বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত পণ্য, কাভার্ড ভ্যান ও গ্রেপ্তারকৃত ইকবালকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমএসবি/২১০৮ ঘ.