ঝিনাইদহ, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ সদর উপজেলার অচিন্তনগর গ্রামে দুই ভাইয়ের সংঘর্ষে ৫ জন মহিলাসহ ১২ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে ৯ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা সবাই একই পরিবারের সদস্য।
সামবার সকালে এ সংঘর্ষ ঘটে।
আহত রেবেকা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অচিন্তনগর গ্রামের ওই পরিবারের বড় ভাই ইউছুপ আলীর ছাগল ছোট ভাই জুমারত আলীর মসুরি কলাইয়ের ক্ষেতে গিয়ে কলাই গাছ খায়।
এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বাধে। এর জের ধরে সোমবার সকাল ৮টার দিকে পরিবারের সদস্যদের মধ্যে তর্কাতর্কি শুরু হয় ও এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। বাড়ির ৬ ভাই ও তাদের স্ত্রীরা সংঘর্ষে লিপ্ত হয়।
এ ঘটনায় গুরুতর আহত সাহানারা বেগম, বাহারুননেছা, রেবেকা বেগম, হবিবর, লতিফ, কামরুল, মনিরুল, সিরাজুল ও দাউদকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১১৪৮ ঘ.
bdnews24