২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'৩০ লক্ষ শহীদের রক্তের দেনা শোধ হবে না'

যুদ্ধাপরাধীদের বিচার না হলে ৩০ লক্ষ শহীদের রক্তের দেনা শোধ হবে না বলে মন্তব্য করেছেন বিচারপতি গোলাম রব্বানী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2011, 05:50 PM

Updated : 24 Aug 2022, 02:14 PM

ময়মনসিংহ, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচার না হলে ৩০ লক্ষ শহীদের রক্তের দেনা শোধ হবে না বলে মন্তব্য করেছেন বিচারপতি গোলাম রব্বানী। রোববার ৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটির ময়মনসিংহ জেলা সম্মেলন উদ্বোধনকালে তিনি একথা বলেন। বিচারপতি গোলাম রব্বানী আরো বলেন, যুদ্ধাপরাধী কারা তা স্পষ্ট। এদের ধরে ধরে বিচার করতে হবে। আর এদের মধ্যে যারা মৃত তাদের ঘৃণা করতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমীন। তিনি বলেন, '৭১ এর ঘাতকদের বিচার হবেই, এতে কোনো সন্দেহ নেই। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর লক্ষ্যে সরকার পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের ইতিহাস যুক্ত করার উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি। দুপুরে স্থানীয় টাউন হল মাঠে এ সম্মেলনে সভাপতিত্ব করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান ফয়জুর রহমান ফকির। বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য মতিউর রহমান, শাহরিয়ার কবীর, শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী, ডা. মাহফুজুর রহমান, জহুরুল হক খোকা, আনিসুর রহমান খান, খন্দকার আব্দুল মালেক শহীদুল্লাহ, এইচ এম খালেকুজ্জামান, নাজিম উদ্দিন আহম্মেদ, গিয়াস উদ্দিন, এমদাদুল হক মিল্লাত, নুরুল আমীন কালাম, আব্দুর রব ও কাজী আজাদ জাহান শামীম। জেলা শহরসহ বিভিন্ন উপজেলা থেকে কয়েক হাজার মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা সম্মেলনে যোগ দেন। আলোচনা অনুষ্ঠান শুরু হওয়ার আগে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৯ ঘ.