ঢাকা, জানুয়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- পৌরসভা নির্বাচনে ঢাকা বিভাগে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে তিন হাজার ৭৮১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর মধ্যে রয়েছে মেয়র পদে ২৯৬ জন, সাধারণ কাউন্সিলর পদে দুই হাজার ৭৫২ জন এবং মহিলা কাউন্সিলর পদে ৭৩৩ জন।
শনিবার মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর ঢাকা বিভাগীয় উপ-নির্বাচন কমিশনার বিশ্বাস লুৎফুর রহমান ও ময়মনসিংহের ভারপ্রাপ্ত উপ-নির্বাচন কমিশনার জাহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
প্রত্যাহারের শেষদিন শনিবার বিকাল ৫টা পর্যন্ত এ বিভাগে মনোনয়ন প্রত্যাহার হয়েছে ২৪০টি।
মেয়র, সাধারণ ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল হয়েছিল চার হাজার ১৬৭টি। বাছাইয়ে বাকি মনোনয়নপত্র বাতিল হয়।
ঢাকা বিভাগে ৬২টি পৌরসভায় নির্বাচন হবে ১৭ জানুয়ারি। তবে নেত্রকোণা জেলার মদন পৌরসভায় নির্বাচনের পুনঃতফশিল হওয়ায় সেখানে নির্বাচন হবে ২৭ জানুয়ারি।
এর আগে ২৬ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ছিল রাজশাহী ও রংপুর বিভাগে।
নির্বাচনযোগ্য ৭২ পৌরসভায় মেয়র ও কাউন্সিলর প্রার্থীর সংখ্যা দাঁড়ায় চার হাজার ৭১১। এর মধ্যে রাজশাহী বিভাগে ৪৯টি পৌরসভায় তিন হাজার ১৫৮ জন এবং রংপুরে ২৩ পৌরসভায় এক হাজার ৫৫৩ জন।
২৭ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন খুলনা ও বরিশাল বিভাগে ৫০টি পৌরসভায় প্রার্থীর সংখ্যা হয় দুই হাজার ৭২৯। এর মধ্যে খুলনায় ৩১ পৌরসভায় এক হাজার ৭৫৫ জন এবং বরিশালে ১৯ পৌরসভায় ৯৭৪ জন।
চট্টগ্রাম ও সিলেট বিভাগে আগামী রোববার মনোয়নপত্র প্রত্যাহারের শেষদিন। চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৬০টি পৌরসভায় মনোনয়নপত্র জমা পড়েছে তিন হাজার ৮৪১টি।
আগামী ১২, ১৩, ১৭, ১৮ ও ২৭ জানুয়ারি ২৫৯ পৌরসভার নির্বাচনের কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/ডিডি/০০২৩ ঘ.
bdnews24