২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসময়ে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ

এই পৌষেও বসে নেই জেলে, দাদনদার কিংবা আড়তদারদের কেউ। তাদের ব্যস্ততা এখন ইলিশ নিয়ে। মৌসুম নয়, তবু মেঘনায় ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2011, 11:15 AM

Updated : 24 Aug 2022, 02:13 PM

আল-ইমরান শোভন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম চাঁদপুর, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এই পৌষেও বসে নেই জেলে, দাদনদার কিংবা আড়তদারদের কেউ। তাদের ব্যস্ততা এখন ইলিশ নিয়ে। মৌসুম নয়, তবু মেঘনায় ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। সাধারণত ভাদ্র-আশ্বিন ইলিশের ভরা মৌসুম। কিন্তু এই সময়ে এতো ইলিশ ধরা পড়ায় বিশ্মিত হয়েছেন জেলে ও মাছ ব্যবসায়ীরা। কেউ কেউ বলছেন, এটা জাটকা নিধন রোধ করার সফলতা। চাঁদপুর শহরের বড়স্টেশন মাছঘাটের ইলিশ ব্যবসায়ীরা জানান, গত দু'সপ্তাহ যাবত প্রতিদিন গড়ে প্রায় দুই হাজার মণ ইলিশ বেচা-কেনা হচ্ছে। এসব ইলিশ ভোলা, লক্ষ্মীপুর, দৌলতখা, চরফ্যাশন, হাতিয়া, ঢালচর, সামরাজ, বেতুয়া, রামগতি এলাকা থেকে নৌ ও সড়ক পথে আসছে। আড়তদার আব্দুল মালেক খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রায় ৩০ বছর ধরে ইলিশ বেচা-কেনা করছি। কিন্তু পৌষ মাসে কখনো এতো ইলিশ আমদানি হতে দেখিনি।" অসময়ে এতো ইলিশ ধরা পড়া প্রসঙ্গে তিনি বলেন, "এটা সরকারের জাটকা নিধন রোধ কার্যক্রমের সফলতা।" তিনি জানান, যেসব ব্যবসায়ী বা দাদনদার ঋণগ্রস্ত বা দেনাদার ছিলেন তারা এই সময়ে ইলিশ পাওয়ায় দেনা শোধ করতে পেরেছেন। আড়তদার মানিক জমাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অসময়ে ইলিশের এরকম নজির এই প্রথম দেখছি। জাটকা রক্ষায় আরো কঠোর হলে সফলতা আরো বাড়বে।" তিনি জানান, এ বছর ইলিশের ভরা মৌসুমে (ভাদ্র-আশ্বিন) চাঁদপুরে আড়তে প্রতি মণ ইলিশ সর্বনিম্ন ১৫-১৬ হাজার টাকা এবং সর্বোচ্চ ৩৫-৪০ হাজার টাকা দরে বিক্রি হয়েছে। "কিন্তু এই অসময়ে বিক্রি হচ্ছে ১০ হাজার টাকা করে। যা চিন্তাও করা যায়নি," বলেন তিনি। চাঁদপুরে প্রায় অর্ধশত আড়তদার এই সময়টা অলস কাটাতেন। ইলিশের মৌসুমে যা আমদানি হতো তাই দিয়ে সারাবছর চলতো। কিন্তু তাদের সবাই এখন আড়তেই ব্যস্ত। বড় বড় ট্রলারে ও ট্রাকে করে দাদনদাররা ইলিশ নিয়ে আসার সঙ্গে সঙ্গে তা দেশ-বিদেশের ইলিশ হিমাগারের এজেন্ট ও রপ্তানীকারকদের কাছে বিক্রি করতে শুরু হয়ে যায় তোড়জোড়। সেই সঙ্গে স্থানীয় খুচরা মাছ ব্যবসায়ী ও ভোক্তারাও পাইকারি দরে ইলিশ কেনায় এখন ব্যস্ত। বর্তমানে আড়তদাররা ছয়শ থেকে নয়শ গ্রাম ওজনের ইলিশ ১০ হাজার টাকা মণ এবং কেজি ২৫০ টাকা দরে বিক্রি করছে। তবে খুচরা বাজারে সেটা ৩শ বা সাড়ে ৩শ টাকা কেজি বিক্রি হচ্ছে। চাঁদপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা অমিয় রঞ্জন দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত ১ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত চাঁদপুর মাছ ঘাটে সাতশ ১০ মেট্রিক টন ইলিশ আহরণ করা হয়।" এর মধ্যে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদী থেকে ধরা হয় একশ ২০ মেট্রিক টন। ভোলা, লক্ষ্মীপুর, দৌলতখাঁ, চরফ্যাশন, হাতিয়া, ঢালচর, সামরাজ, বেতুয়া, রামতি এলাকা থেকে চারশ ১০ মেট্রিক টন ও কক্সবাজার এলাকা থেকে একশ ৮০ মেট্রিক টন। মৎস্য গবেষণা ইনস্টিটিউট চাঁদপুর নদী কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ইলিশ গবেষক ড. মো. আনিছুর রহমান বলেন, "তিনটি পদক্ষেপ মোটামুটি কার্যকর হওয়ার কারণে বছরের এই সময়টিতে নদী ও সাগরে বেশি ইলিশ ধরা পড়ছে।" কারণগুলো হচ্ছে- ২৩ সেন্টিমিটার বা ৯ ইঞ্চির নিচে জাটকা সংরক্ষণ, অভয়াশ্রম প্রতিষ্ঠা ও ভরা প্রজনন মৌসুমে প্রজনন এলাকায় ১০ দিন পর্যন্ত মা ইলিশ ধরা নিষিদ্ধ রাখা। তিনি জানান, জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচির আওতায় ২০১০ সালে চাঁদপুর জেলার ২৩ হাজার তিনশ ৩৫ জেলেকে ফেব্র"য়ারি মাস থেকে জনপ্রতি ৩০ কেজি করে চার মাস চাল দেওয়া হয়। ২০০৯ সালে চাঁদপুরে জেলের সংখ্যা ছিল ২২ হাজার নয়শ। ওই সময় পরিবার প্রতি ১০ কেজি করে চার মাস চাল দেওয়া হয়। ২০১০ সালে সরকার জেলের সংখ্যা ১৫ শতাংশ বৃদ্ধি করে। আনিছুর রহমান বলেন, "জুন থেকে সেপ্টেম্বর হচ্ছে ইলিশের ভরা মৌসুম। জাটকা রক্ষায় প্রতিবছর নভেম্বর থেকে মে পর্যন্ত ইলিশের প্রজনন সময় বা জাটকার মৌসুম নির্ধারণ করে চাঁদপুরের মেঘনা নদীতে জাটকা ধরা নিষিদ্ধ করা হয়। ওই সময় জাটকা ছাড়া নদীতে সব ধরনের মাছ ধরে জেলেরা। ২০০৬ সাল থেকে মার্চ-এপ্রিল দু'মাস জাটকা বেড়ে উঠার জন্য চাঁদপুরের বিস্তীর্ণ নদীসীমাকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করে জাটকা রক্ষা কর্মসূচি পালিত হচ্ছে। এ দু'মাস চাঁদপুরের মেঘনা নদীতে জাটকাসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/কেএমএস/১৭০৯ ঘ.