সাভার, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংর্ঘষে এক বাস চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই বাসের অন্তত ১৫ জন যাত্রী।
পুলিশ জানিয়েছে, শনিবার সকাল সোয়া ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বাইশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আসাদ (৩০) খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ঈগল পরিবহনের চালক। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঈগল পরিবহনের যাত্রীবাহী বাসটি বাইশমাইল বাসস্ট্যান্ডের কাছে পৌঁছলে বিপরীতমুখী অপর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আসাদ মারা যান।
আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় মামলা হয়েছে বলে জানান এসআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিদি/আরএম/আরএ/১৪৩০ ঘ.
bdnews24