মেহেরপুর, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেরপুর শহরের কলেজ মোড় এলাকা থেকে ছয়টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়েছে।
র্যাব ও পুলিশের যৌথদল শনিবার সকালে বোমাগুলো উদ্ধার করে। এগুলো নিষ্ক্রিয় করতে মেহেরপুর সদর থানায় পানি ভর্তি বালতিতে রাখা হয়েছে।
মেহেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলাম সাংবাদিকদের বলেন, বোমাগুলো শহরের গণপূর্ত অফিসের সামনের সড়কের পাশে একটি পলিথিনের ব্যাগে লুকানো ছিলো।
বড় জর্দ্দার কৌটায় লাল টেপে মোড়ানো বোমাগুলো শক্তিশালী বলে পুলিশ জানায়।
র্যাব-৬ এর কর্মকর্তা উপ-পরিদর্শক আব্দুল মজিদ বলেছেন, এলাকাবাসীর কাছে খবর পেয়ে বোমাভর্তি ব্যাগটি উদ্ধার করা হয়।
মেহেরপুর পৌরসভা নির্বাচনের প্রচারণার মধ্যেই গত এক সপ্তাহে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ছয়টি বোমা উদ্ধার হলো। আগামী ১৩ জানুয়ারি সেখানে ভোটগ্রহণ হবে।
নির্বাচনে পাঁচ জন মেয়র প্রার্থীর মধ্যে চার জনই ভোটের দিন চরমপন্থী হামলা ও কেন্দ্র দখলের আশঙ্কায় সেনা মোতায়েনের দাবি নির্বাচন কমিশনকে জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২০০ ঘ.
bdnews24