ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর ও রাজবাড়ীতে আগুনে পুড়ে গেছে দোকান ও গুদাম।
গাজীপুর সদর উপজেলার জরুন এলাকায় কুয়েত মার্কেটে আগুনে আটটি দোকান পুড়ে গেছে। এছাড়া রাজবাড়ী পাট বাজারে তিনটি গুদামের মালামাল পুড়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর গাজীপুর প্রতিনিধি জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কুয়েত মার্কেটে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পরে গাজীপুর দমকল বাহিনীরকর্মীরা প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর দমকল বাহিনীর কর্মকর্তা মো. আবু জাফর জানান, মার্কেটের সজিব ইলেকট্রনিকস দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
এতে মার্কেটের আটটি দোকানের মালামাল পুড়ে যায়।
ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন আগুনে প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
রাজবাড়ী প্রতিনিধি জানান, বৃহস্পতিবার ভোর রাতে রাজবাড়ী পাট বাজারের তিনটি গুদামে আগুন লাগে।
রাজবাড়ী ফায়ার ব্রিগেডের স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, তিনটি ফায়ার ইউনিট প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, পুড়ে যাওয়া মালামালের মধ্যে পাট, ডাল, গম, সরিষা, ধনে, মটর, তিল ছিলো।
আগুনে প্রায় এক কোটি টাকার মালামাল পুড়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬১৮ ঘ.
bdnews24