ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় গ্রন্থকেন্দ্রের প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধের দলিলপত্রের প্রচ্ছদ শিল্পী আব্দুর রোউফ সরকার ক্যান্সার আক্রান্ত হয়ে ধানমণ্ডির জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে (জেবিএফএইচ) ভর্তি হয়েছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ২৫ সেপ্টেম্বর গুরুতর অসুস্থ এ শিল্পীকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে প্রথমে নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) রাখা হয়। বর্তমানে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে ২০৭ নম্বর কেবিনে স্থানান্তর করা হয়েছে।
বর্তমানে হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক এবিএম এফ করিমের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
হাসপাতালের পরিচালক মাহবুবুল আলম বাবু জানান, গত ৯ সেপ্টেম্বর মেট্্েরাপলিটন হাসপাতালে আব্দুর রোউফের মস্তিষ্কে টিউমার অপারেশন করা হয়। বায়োপসি পরীক্ষায় তার শরীরে ক্যান্সার ধরা পড়ে।
মুক্তিযোদ্ধা আব্দুর রোউফ শহীদ বুদ্ধিজীবি ডা, খুরশীদ আলী সরকারের সন্তান।
তার পরিবার ও স্বজন এবং জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল যৌথভাবে তার চিকিৎসার ব্যয় বহন করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২১৩২ ঘ.
bdnews24