২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীকে অভ্যর্থনার প্রস্তুতিতে সড়ক বন্ধ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে আওয়ামী লীগ ও যুবলীগের কয়েক হাজার নেতা-কর্মী বিমানবন্দর সড়কের একাংশে অবস্থান নেওয়ায় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2010, 01:04 PM

Updated : 25 Aug 2022, 06:43 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে আওয়ামী লীগ ও যুবলীগের কয়েক হাজার নেতা-কর্মী বিমানবন্দর সড়কের একাংশে অবস্থান নেওয়ায় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তারা প্রধানমন্ত্রীর প্রতিকৃতি, বিভিন্ন ফেস্টুন-ব্যানার, ব্যাণ্ডপার্টি নিয়ে হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমান বন্দরের ভিভিআইপি টার্মিনালের বাইরে রাস্তায় অবস্থান করছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫ তম অধিবেশনে যোগদান শেষে বুধবার সন্ধ্যায় দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা সাড়ে সাতটায় শেখ হাসিনার হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণের কথা। প্রধানমন্ত্রী গত ১৮ সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) বিশেষ করে শিশুমৃত্যুর হার কমানোয় অসাধারণ সাফল্য অর্জন করায় বাংলাদেশ এবছর জাতিসংঘ পুরস্কার পেয়েছে। গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশসহ ছয়টি দেশকে এ পুরস্কার দেওয়া হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশন শুরুর আগের দিন রোববার সন্ধ্যায় নিউ ইয়র্কে অ্যাস্টোরিয়া হোটেলে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের পক্ষে এ পুরস্কার গ্রহণ করেন। বাংলাদেশ জাতিসংঘ পুরস্কার পাওয়ায় আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলো তাদের দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা জানানোর সিদ্ধান্ত নিয়েছে। এজন্য বিকাল থেকেই আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিমান বন্দরের ভিভিআইপি টার্মিনালের বাইরে সমবেত হতে শুরু করেছেন। প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানাতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিমান বন্দর থেকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবণ 'গণভবণ' পর্যন্ত রাস্তার দু'পাশে দাঁড়িয়ে নেতা-কর্মীদের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানোর কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/১৮৫৬ ঘ.