ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অক্টোবরের মধ্যে ঢাকা ও এর আশেপাশের ছয়টি খাল অবৈধ দখলমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার নদ-নদীর নাব্যতা রক্ষা সংক্রান্ত জাতীয় টাস্কফোর্সের এক বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়।
এতে সভাপতিত্ব করেন নৌ-পরিবহণ মন্ত্রী শাজাহান খান।
খালগুলো উদ্ধার করে সেখান থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদেরও নির্দেশ দেওয়া হয় বলে জানিয়েছেন টাস্কফোর্স প্রধান মন্ত্রী শাজাহান খান।
খাল ছয়টি হচ্ছে- কাটাসুর, কল্যাণপুর ক ও গ, শ্যামপুর, রামচন্দ্রপুর এবং হাজারিবাগ খাল।
বৈঠক শেষে শাজাহান খান সচিবালয়ে সাংবাদিকদের জানান, আগামী অক্টোবরের মধ্যেই এসব খাল উদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হবে।
তিনি বলেন, "খালগুলো উদ্ধারের পর সেগুলোর দু'পাশে হাঁটাপথ নির্মাণ করা হবে। খালগুলো যাতে আবারো বেদখল হয়ে না যায় তা তদারকির দায়িত্ব দেওয়া হবে স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি)।"
খালগুলো অবৈধ দখলমুক্ত রাখতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী।
শাজাহান খান জানান, সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা বিভিন্ন নদী এবং খালের সীমানা মানচিত্র সংগ্রহ করেছেন। ঢাকা ও আশেপাশের ছয়টি নদীর মধ্যে চারটি উদ্ধার করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হবে। অন্য দু'টি নদীও উদ্ধারের চেষ্টা করা হবে।
নৌ-মন্ত্রী বলেন, ১৩৮টি স্থান দিয়ে ঢাকা শহরের বর্জ্য বিভিন্ন নদীতে পড়ছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি) সহায়তায় চিহ্নিত স্থানগুলো বন্ধ করতে ঢাকা ওয়াসাকে নির্দেশ দেওয়া হয়েছে।
দেশের বিভিন্ন নদ-নদী রক্ষায় 'জাতীয় নদী রক্ষা কমিশন' গঠনের কথা জানিয়ে তিনি আরো বলেন, নভেম্বরের মধ্যে নদীগুলোর সীমানা পুনঃর্নিধারণে পিলার নির্মাণকাজ শুরু হবে। এরপরই নদীর তীর উদ্ধার এবং পিলার স্থাপনের কাজ শুরু হবে।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, "সুতিভোলা খালসহ বেশ কয়েকটি খাল ইতোমধ্যে উদ্ধার করেছি। চিহ্নিত এ ছয়টি খাল উদ্ধারের ক্ষেত্রেও আমরা সফল হবো।"
তিনি অবৈধ দখলদারদের সতর্ক করে দিয়ে বলেন, দখলদাররা যে দলেরই হোক না কেন তারা রেহাই পাবে না। অক্টোবরের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ারও নির্দেশ দেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এইচএ/১৮০৬ ঘ.
bdnews24