ঝিনাইদহ, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় সরকারি দুটি কার্যালয়ে চুরি ও কাগজপত্র তছনছের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার উপজেলা কমপ্লেক্সের যুব উন্নয়ন অফিস কক্ষ এবং আনসার ও ভিডিপি অফিস কক্ষে চুরি হয়।
এছাড়া দুর্বৃত্তরা ওই দু'টি অফিসকক্ষসহ সমাজ সেবা, ও মৎস্য বিভাগের অফিস কক্ষের আটটি স্টিলের আলমারির তালা ভেঙে কাগজপত্র তছনছ করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কাগজপত্র তছনছ করা আলমারিগুলোর মধ্যে পাঁচটিই যুব উন্নয়ন অফিসের।"
তিনি জানান, যুব উন্নয়ন অফিস থেকে একটি বাই-সাইকেল, আনসার ও ভিডিপি অফিস থেকে ২০টি বেল্ট, ৩০টি শাড়ি কাপড় ও ২০ জোড়া পুরনো বুট জুতা চুরি হয়েছে।
তবে ওইসব অফিস কক্ষে নতুন কম্পিউটার ও দুটি মোটর সাইকেল থাকলেও সে গুলো চুরি হয় নি। দুর্বৃত্তরা আলমারি ভেঙ্গে নগদ টাকা পয়সার খোঁজ করেছে বলে ধারণা করছেন ইউএনও।
হরিণাকুন্ডু থানার ওসি জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যুব উন্নয়ন অফিসের পক্ষে একটি মামলা করা হয়েছে।"
তিনি জানান, উপজেলা অফিসে একজন মাত্র নৈশ প্রহরী রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমআই/১৮০০ ঘ.
bdnews24