বরিশাল, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালে মঙ্গলবার বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া বজ্রপাতের শব্দে একটি স্কুলের ১০ জন ছাত্রী জ্ঞান হারিয়েছে।
নিহতরা হলেন- মুলাদী উপজেলার বালিয়াতলী গ্রামের জাহানারা বেগম (৪৫) ও তার ছেলে লোকমান হোসেন (১২)।
অজ্ঞান শিক্ষার্থীদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে চিকিৎসক জানিয়েছেন।
মুলাদী থানার ওসি আমিরুজ্জামান আমির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে উঠোন থেকে কলসিতে ভরা বৃষ্টির পানি নিয়ে ঘরে ফেরার সময় জাহানারা এবং বাইরে থেকে ঘরে ফেরার সময় লোকমান বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান।
বাবুগঞ্জ উপজেলা শহরের চাঁদপাশা আর জে কালিকাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনসুর আহম্মেদ জানান, বৃষ্টি শুরু হলে মেয়েদের স্কুলের টিনসেড শ্রেণীকক্ষে থাকতে বলা হয়।
এ সময় বজ্রপাতের বিকট শব্দে ৭ম শ্রেণীর ছাত্রী স্বর্ণালী খানম মিম, মনি আক্তার, আফিয়া আক্তার, আনিকা আক্তার, ফাতেমা আক্তার, রিনা আক্তার, তানিয়া আক্তার, সাহনাজ পারভিন, রাবেয়া ও ময়না জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়।
বরিশাল মেডিকেল কলেজের চিকিৎসক অসিত ভূষণ দাস বলেন, ছাত্রীরা বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে জ্ঞান হারিয়েছে। কেউ বজ্রপাতে আহত হয়নি। তারা আশঙ্কামুক্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৯৪৬ ঘ.
bdnews24