খুলনা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্যেষ্ঠতার ভিত্তিতে শূন্য পদে বদলি শ্রমিকদের স্থায়ীকরণসহ পাঁচ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে রাষ্ট্রায়ত্ত পাটকলের বদলি শ্রমিকরা।
মঙ্গলবার খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে 'রাষ্ট্রায়ত্ত পাটকলের বদলি শ্রমিক দাবি আদায় সমন্বয় কমিটি'র খুলনা-যশোর অঞ্চল শাখা এ কর্মসূচি ঘোষণা করে।
তাদের দাবির মধ্যে উল্লেখযোগ্য হল- জ্যেষ্ঠতার ভিত্তিতে সব শূন্য পদে বদলি শ্রমিকদের স্থায়ীকরণ, মজুরি কমিশন গঠন ও ২০ ভাগ মহার্ঘ ভাতা প্রদান।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) শুরু হওয়া কর্মসূচি শেষ হবে ৮ অক্টোবর।
কর্মসূচির মধ্যে রয়েছে- বৃহস্পতিবার সকাল ১০টায় সংশ্লিষ্ট পাটকলের প্রকল্প প্রধানদের কাছে দাবিনামা প্রদান, ১ অক্টোবর বিকাল ৩টায় রাজঘাট শিল্পাঞ্চলে শ্রমিক সমাবেশ, ৩ অক্টোবর সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত প্রত্যেক মিলের প্রধান ফটকে সভা, ৫ অক্টোবর প্রতিটি মিলে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত মানববন্ধন, ৭ অক্টোবর বস্ত্র ও পাট মন্ত্রীর সফরকে স্বাগত জানিয়ে ব্যানার উত্তোলন এবং ৮ অক্টোবর খুলনার খালিশপুরে শ্রমিক সমাবেশ।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহবায়ক মো. নুর ইসলাম।
নুর ইসলাম বলেন, সরকারের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীর বেতন বাড়ানো হয়েছে। অথচ পাটকল শ্রমিকদের মজুরি বাড়ানো হয়নি।
ইতোমধ্যে সরকার প্রতিশ্রতি অনুযায়ী অনেক মিলে স্থায়ী শ্রমিকের চেয়ে দ্বিগুণ বদলি শ্রমিক নিয়োগ দিয়েছে। এতে বদলি শ্রমিকরা ২/১ দিনের বেশি কাজ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। ফলে তারা মানবেতর জীবনযাপন করছে।
সংবাদ সম্মেলনে খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩৩ ঘ.
bdnews24