নওগাঁ, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্য করায় জামায়াতে ইসলামীর নেতাদের আইনজীবী ফখরুল ইসলামের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে।
মঙ্গলবার নওগাঁর ১ নম্বর আমলি আদালতে মামলাটি করেন নওগাঁর আইনজীবী জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি ফখরুলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনেছেন। তবে রাষ্ট্রদ্রোহের মামলা চালাতে হলে সরকারের অনুমোদন লাগে।
হাকিম মো. শাহাদত হোসেন প্রামানিক বাদির অভিযোগের শুনানি শেষে সদর মডেল থানার ওসিকে বিষয়টি তদন্ত করে আদালতে প্রতিবেদন দিতে বলেছেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের আবেদনের শুনানিতে গত ২২ সেপ্টেম্বর ফখরুল বলেন, একাত্তরে বাংলার মাটিতে যুদ্ধ হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে।
তার এ বক্তব্যের সমালোচনা এসেছে বিভিন্ন মহল থেকে। আইনমন্ত্রী শফিক আহমেদ এর প্রতিক্রিয়ায় বলেন, তিনি (ফখরুল) বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন।
ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সদস্যরা বলেন, ফখরুলের এ বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল।
একই অভিযোগে একদিন আগে টাঙ্গাইলে ফখরুলের বিরুদ্ধে আরেকটি মামলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমআই/১৯১৮ ঘ.
bdnews24