২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো এগিয়ে যেতে চাই: হাসিনা

সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য পুরস্কার মিললেও এতে আত্মতুষ্টিতে না ভুগে আরো এগিয়ে যাওয়ার সঙ্কল্পের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2010, 10:35 AM

Updated : 25 Aug 2022, 06:43 PM

আশরাফুল হাসান বুলবুল নিউ ইয়র্ক থেকে নিউইয়র্ক, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য পুরস্কার মিললেও এতে আত্মতুষ্টিতে না ভুগে আরো এগিয়ে যাওয়ার সঙ্কল্পের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেছেন, "আমরা এমডিজি অর্জনের পর থেমে থাকব না। ভিশন-২০২১ কে বাস্তবে রূপ দিতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে এবং আমি আশা করছি আমাদের উত্তরসূরিরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা দেখতে পারবে।" জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ১০ দিনের সফরে এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন প্রধানমন্ত্রী। এমডিজি লক্ষ্যমাত্রা লক্ষ্যমাত্রা অর্জন বিশেষ করে শিশু মৃত্যুর হার কমিয়ে আনায় গত ১৯ সেপ্টেম্বর পুরস্কার গ্রহণ করেন হাসিনা। তিনি মুক্তিযুদ্ধের সময় ও যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠনে প্রবাসীদের অবদানের কথা তুলে ধরে তাদেরকে দেশের উন্নয়নে কাজ করে যাওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, "দেশের সঙ্কট ও কঠিন সময়গুলোতে আপনারা আমাদের পাশে ছিলেন।" বাংলাদেশী ব্যবসায়ীদের দেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়ে বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমূর্তি অটুট রাখার আহ্বান জানান তিনি। প্রবাসী বাংলাদেশীদের বিনিয়োগ নিরাপদ করতে শিগগিরই প্রবাসী কল্যাণ ব্যাংক চালু করার আশ্বাসও দেন তিনি। ম্যানহাটনে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধিদের বৈঠক হলে মতবিনিময় সভায় হাসিনা আরো বলেন, "স্বৈরশাসনের অধীনে কোনো জাতি উন্নয়ন করতে পারে না। বাংলাদেশ কয়েক দফায় স্বৈরশাসকদের হাতে শাসিত হয়েছে এবং দেশের উন্নয়নে তাদের কোনো স্বপ্ন কিংবা পরিকল্পনা ছিলো না।" বর্তমান সরকার খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, তথ্য-প্রযুক্তি এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে স্বাবলম্বী হওয়ার ওপর জোর দিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। সভায় জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আব্দুল মোমেন জাতিসংঘ সাধারণ অধিবেশন চলাকালে প্রধানমন্ত্রীর কার্যক্রম তুলে ধরেন। এতে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এবং পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেবি/এমআই/১৬৩৬ ঘ.