ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে ফারজিয়া আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো দু'জন।
সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বুড়িগঙ্গা নদীতে সূত্রাপুরের কাছে এ দুর্ঘটনা ঘটে।
আহত একই পরিবারের পাঁচজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আহত কাজী জুবায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সূত্রাপুর কমিউনিটি সেন্টারে বোনের বিয়ের অনুষ্ঠান শেষে লালকুঠি থেকে একটি নৌকায় করে তারা কেরানীগঞ্জের কালীগঞ্জের বাসায় ফিরছিলেন। মাঝ নদীতে 'রাসেল-১' লঞ্চের ধাক্কায় নৌকাটি উল্টে যায়।
এসময় ফারজিয়া, বিদ্যুৎ (৩০) ও সোমা (১৮) নিখোঁজ হয়। পরে ফারজিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক জানান, আগেই তার মৃত্যু হয়েছে। অন্য দুজনের সন্ধান এখনো মেলেনি।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. মোস্তাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নিখোঁজদের সন্ধানে নদীতে তল্লাশি চালানো হচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএনএস/এইচএ/২৩৫০ ঘ.
bdnews24