পাবনা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার ফরিদপুরে এক 'চরমপন্থি' সদস্যকে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়েছে।
সোমবার সকালে উপজেলার ধানুয়াঘাটা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত নিজাম উদ্দিনের (৩৫) বাড়ি ফরিদপুর উপজেলার ঝপঝপিয়া গ্রামে। তিনি পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল জনযুদ্ধ) সদস্য ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
ফরিদপুর থানার ওসি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিজাম উদ্দিন দীর্ঘদিন ধরে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল জনযুদ্ধ) সক্রিয় সদস্য হিসেবে কাজ করছিলেন।
পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, রোববার রাতে বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফেরেননি। সোমবার সকাল ১০টার দিকে ধানুয়াঘাটার একটি ক্ষেতে তার জবাই করা লাশ পাওয়া যায়।
প্রতিপক্ষ চরমপন্থিরা তাকে হত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ফরিদপুর থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৮৫৭ ঘ.
bdnews24