বরিশাল, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পূর্ব বিরোধের জেরে বরিশাল পলিটেকনিক ইন্সটিটিউটের তিন ছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা।
রোববার রাত সাড়ে ১২টার দিকে নগরীর নিউ সার্কুলার রোডে এ হামলা হয়।
আহত ছাত্ররা হলেন- তড়িৎ প্রকৌশল তৃতীয় পর্বের মাসুদ রানা, কম্পিউটার প্রকৌশল চতুর্থ পর্বের আব্দুর রহিম ও পূর্ত প্রকৌশল চতুর্থ পর্বের মো. মনির।
তাদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতয়ালি মডেল থানার ওসি কমলেশ চন্দ্র হালদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাতে রহিম, মনির ও মাসুদ বাসায় ফেরার পথে ৮/১০ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তাদের কুপিয়ে জখম করে।
রহিমের বুকে, পিঠে ও পায়ে, মনিরের হাতে, পায়ে ও পিঠে গুরুতর জখম হয়েছে বলে জানান তিনি।
আহতদের সহপাঠী মঈন জানান, রহিম, মনির ও মাসুদসহ আরো কয়েকজন বন্ধু মিলে সার্কুলার রোডের সাবেক কলেজ অধ্যক্ষ আব্দুল গনি মিয়ার বাসায় ভাড়া থাকে।
তিনি জানান, কয়েকদিন আগে ওই এলাকার বখাটে যুবক জুয়েল ও মিলনের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। ওই ঘটনার জেরে এই হামলা করেছে বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৮৩৩ ঘ.
bdnews24