২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'প্রশ্নাতীত' জ্বালানি বিল সংসদে উত্থাপিত

কোনো প্রশ্নের সুযোগ না রাখার বিধানসহ বিদ্যুৎ ও জ্বালানি আমদানি বিষয়ে একটি বিল সংসদে উত্থাপন করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2010, 02:41 PM

Updated : 25 Aug 2022, 06:42 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোনো প্রশ্নের সুযোগ না রাখার বিধানসহ বিদ্যুৎ ও জ্বালানি আমদানি বিষয়ে একটি বিল সংসদে উত্থাপন করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে আইন প্রণয়ন কার্যাবলীতে 'বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) বিল-২০১০' শিরোনামের এ বিল জাতীয় সংসদের রোববারের অধিবেশনে উত্থাপিত হয়। বিলটি উত্থাপনের পর তা দুইদিনের মধ্যে পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কতি স্থায়ী কমিটিতে পাঠানো হয়। বিলে বলা হয়েছে, এই আইনের অধীনে করা বা করা হয়েছে এমন কোনো কাজ, গৃহীত কোনো ব্যবস্থা, দেয়া কোনো আদেশ বা নির্দেশের বৈধতা সর্ম্পকে কোনো আদালতের কাছে প্রশ্ন তোলা যাবে না। বিল অনুযায়ী, বিদেশ থেকে বিদ্যুৎ ও জ্বালানি আমদানি সংক্রান্ত পরিকল্পনা ও তার দ্রুত বাস্তবায়নও এই আইনে করা যাবে। এজন্য পাবলিক প্রকিউরমেন্ট আইন-২০০৬ বা আপাতত বলবৎ অন্য কোনো আইনে যা কিছুই থাকুক না কেনো এই আইনের বিধানে তা প্রধান্য পাবে। বিলটি আইনে পরিণত হলে বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদন বৃদ্ধিসহ সরবরাহ, সঞ্চালন, পরিবহন ও বিপণনের ক্ষেত্রে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে বলে প্রস্তাবে উল্লেখ করা হয় । বিলের উদ্দেশ্য ও কারণ হিসেবে বলা হয়, দেশে বিদ্যুৎ ও জ্বালানির চরম ঘাটতি রয়েছে। জ্বালানি সরবরাহের স্বল্পতার কারণে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। এ পরিস্থিতিতে শিল্প, ব্যবসা-বাণিজ্য ও গৃহস্থালী কাজের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও জ্বালানির নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে বিশেষ বিধানাবলীর প্রয়োজনে বিলটি তৈরি করা হয়েছে। এছাড়া সংসদে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যলয়-২০১০ বিল পাস হয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সুপারিশ করা বিলটি সংসদে উত্থাপন করেন। কন্ঠভোটে তা পাস হয়। এর আগে স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রহমত আলী 'স্থানীয় সরকার (পৌরসভা) সংশোধন বিল-২০১০' এর প্রতিবেদন সংসদে উত্থাপন করেন। বিলটি গত ২২ সেপ্টেম্বর স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সংসদে উত্থাপন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউএম/এএনএস/পিডি/২২৩১ ঘ.