কক্সবাজার, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে শনিবার পাজেরো জিপের ধাক্কায় সিএনজি চালিত ট্যাক্সি ক্যাবের যাত্রী এক মহিলা নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন।
পুলিশ জানায়, রামু উপজেলার রশিদনগর এলাকায় দুপুর দেড়টার দিকে দুর্ঘটনা ঘটে।
নিহতদের নাম ধলু বিবি (৪৫)। তার বাড়ি রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ঘোনার পাড়া এলাকায়।
রামু থানার ওসি মোহাম্মদ শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কক্সবাজারগামী পাজেরো জিপ গাড়িটি রশিদনগর এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্যাক্সিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এর যাত্রী ধলু বিবি মারা যান।
আহতদের মধ্যে জয়নাব আকতার (৩৫) নামের আরেক মহিলা যাত্রীকে আশঙ্কাকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীরা জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
ওসি জানান, পুলিশ দুর্ঘটনা কবলিত দু'টি গাড়িই আটক করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬১২ ঘ.
bdnews24