সাভার, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক কাজের সময় আট ঘণ্টা করা ও সহকর্মীকে মারধরের বিচার দাবিতে সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় ভাংচুর চালিয়েছে শ্রমিকরা।
পুলিশ জানিয়েছে, আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকার ওশান গেইট সোয়েটার্স লিমিটেড কারখানায় শনিবার এ ঘটনা ঘটে।
ওদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শ্রমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, দাবি না মানা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ওশান গেইট সোয়েটার্স লিমিটেডের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি আরো জানান, কারখানাটির শ্রমিকরা সকালে কাজে যোগ দিয়ে ৯টার দিকে তাদের কাজের সময় সকাল ৭টার পরিবর্তে এক ঘণ্টা বিরতিসহ সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত করার দাবি জানায়।
এ সময় তারা গত বৃহস্পতিবার নিটিং অপারেটর আব্দুল কাদেরকে মারধরের ঘটনারও বিচার দাবি করে।
কারখানার এক কর্মকর্তা সেদিন তাকে মারধর করে বলে অভিযোগ শ্রমিকদের।
ওসি সিরাজুল বলেন, "এক পর্যায়ে কারাখানা কর্তৃপক্ষ মারধরের ঘটনায় বিচারের আশ্বাস দিলেও কর্মঘণ্টা কমানোর দাবি প্রত্যাখ্যান করে।
"এতে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে কারখানার ভেতরে বিভিন্ন যন্ত্রপাতি ও আসবাবপত্র ভাংচুর করে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে তারা কারখানা থেকে বেরিয়ে যায়।"
কারখানার সহকারী হিসাবরক্ষক আলী হোসেন বিপ্লব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কাদেরকে মারধরের ঘটনার বিচারের আশ্বাস দেওয়ার পরও শ্রমিকরা কারখানায় ভাংচুর করেছে।"
শ্রমিকরা চলে যাওয়ায় এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এজে/১৬৫০ ঘ.
bdnews24