২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে নৌকা বাইচ অনুষ্ঠিত

গাজীপুরে তুরাগ নদীতে শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2010, 06:35 PM

Updated : 25 Aug 2022, 06:41 PM

গাজীপুর, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে তুরাগ নদীতে শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। জেলা সদরের পিরুজালী বক্তারপাড়া যুবসংঘ ওই বাইচের আয়োজন করে। এলাকার হাজার হাজার নর-নারী, শিশু-কিশোর প্রতিযোগিতা উপভোগ করেন। তুরাগ নদীর ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের পিরুজালী গ্রামের হাটখোলা থেকে বক্তারপাড়া পর্যন্ত ওই প্রতিযোগিতায় গাজীপুর ও টাঙ্গাইলের আটটি দল অংশ নেয়। এর মধ্যে গাজীপুর সদরের পাইনশাইল (আনসার ভিডিপি) দল প্রথম, কালিয়কৈরের ফুলবাড়িয়ার চা বাগানের পঙ্খীরাজ দল দ্বিতীয় ও গাজীপুর সদরের মজলিশপুর গ্রামের সোনারতরী দল তৃতীয় স্থান লাভ করে জানান ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. ইজাদুর রহমান। এর আগে তিনি প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রথম পুরস্কার ছিল রিফ্রিজারেটর, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার ছিল যথাক্রমে ২১ ইঞ্চি ও ১৪ ইঞ্চি রঙ্গিন টেলিভিশন। সকাল থেকে জেলার বিভিন্ন এলাকার উৎসাহী মানুষ আসতে থাকে পিরুজালী এলাকায়। বিকালের মধ্যে তুরাগ পাড় কয়েক হাজার মানুষে পূর্ণ হয়ে যায়। বিকাল সাড়ে ৩টার দিকে নৌকা বাইচ শুরু হয়। প্রতিটি নৌকায় প্রায় অর্ধশত মাল্লা ছিল। একেক দল একেক রংয়ের পোশাক পরে প্রতিযোগিতায় অংশ নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২২ ঘ.