সিলেট, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কবর খোঁড়া নিয়ে সিলেট মহানগরীর বাগবাড়ি এলাকায় দু'দলের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি দোকানপাটও ভাংচুর করা হয়।
আহত জাহিদ সরওয়ার সবুজ, তজম্মুল, হেলাল, আরিফ আহমদ, পলাশ, অপু, আক্তার, সুমন সিকদার ও ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুর রকিব বাবলুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, সকাল ১০টার দিকে কাজলশাহ এলাকার আওয়ামী লীগ নেতা আবদুল হান্নান লিলা মিয়ার দাফনের জন্য নগরীর বাগবাড়ি নূরীয়া জামে মসজিদের পাশে প্রস্তাবিত ঈদগাহ মাঠে কবর খুঁড়তে যান কয়েকজন।
এ খবর পেয়ে বাগবাড়ি এলাকার লোকজন এসে কবর খননকারীদের ধাওয়া করে কবরটি আবার মাটি দিয়ে ভরাট করে দেয়।
কিছুক্ষণ পর কাজলশাহ এলাকার লোকজনও এলে সংঘর্ষ শুরু হয়।
দেশীয় অস্ত্রসস্ত্র ও ইটপাটকেল নিয়ে উভয়পক্ষের কয়েকশ' লোক সংঘর্ষে অংশ নেয়।
পরে সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেসা হক, সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র ওয়ার্ড কাউন্সিলর মখলিছুর রহমান কামরান ও ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল খালিক গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
মখলিছুর রহমান কামরান বলেন, আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।
সিলেট কোতোয়ালি থানার ওসি খন্দকার নওরোজ আহমদ বলেন, পরিস্থিতি শান্ত রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৯ ঘ.
bdnews24