২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ছয় গোয়েন্দা পুলিশ প্রত্যাহার

জুয়ার আসর থেকে চাঁদা আদায়ের অভিযোগে গণপিটুনির শিকার গোয়েন্দা পুলিশের (ডিবি) ছয় সদস্যকে শুক্রবার প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2010, 02:38 PM

Updated : 25 Aug 2022, 06:41 PM

গাইবান্ধা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জুয়ার আসর থেকে চাঁদা আদায়ের অভিযোগে গণপিটুনির শিকার গোয়েন্দা পুলিশের (ডিবি) ছয় সদস্যকে শুক্রবার প্রত্যাহার করা হয়েছে। এরা হলেন গাইবান্ধা ডিবি পুলিশের উপ-পরিদর্শক ইয়াজ ঢালি, সহকারী উপ-পরিদর্শক মো. আনিছুর রহমান ও রবিউল ইসলাম, কনস্টেবল ওয়ারেছ আলী, আলতাফ হোসেন ও আব্দুর রাজ্জাক। বৃহস্পতিবার বিকালে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের কেতকিরহাট গ্রামের লোকজন তাদের পিটুনি দিয়ে আটকে রাখে। পরে গাইবান্ধা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। এ ঘটনায় রাতেই গাইবান্ধার ডিবি পুলিশ ৪০ গ্রামবাসীর বিরুদ্ধে ফুলছড়ি থানায় একটি মামলা করেছে। এরপর কেতকিরহাট গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। শুক্রবার ওই গ্রামে গিয়ে কোনো পুরুষ পাননি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের গাইবান্ধা প্রতিনিধি। কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন বলেন, গত কয়েকদিন থেকে কেতকিরহাটে অবাধে জুয়া খেলা চলছিল। বৃহস্পতিবার সাদা পোশাকে ডিবি পুলিশ সেখানে গেলে এলাকাবাসী তাদের গণপিটুনি দেয়। এ ঘটনায় মামলা হলে গ্রেপ্তার এড়াতে কেতকিরহাট গ্রাম এখন পুরুষশূন্য হয়ে পড়েছে। গাইবান্ধার সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (সার্কেল) আকতার হোসেন বলেন, পুলিশ সুপারিনটেনডেন্টকে না জানিয়ে এবং ইউনির্ফমধারী পুলিশের সহায়তা না নিয়ে এলাকায় যাওয়ায় তাদের প্রত্যাহার করা হয়। এছাড়া সরকারি কাজে বাধাদান করায় স্থানীয় লোকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২২ ঘ.